উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিকে সমন্বয় করে ভবিষ্যতে একটি ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলায় দেওয়া ভাষণে তিনি এ পরিকল্পনার কথা জানান। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। তাই দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীদের সরকারের বিভিন্ন পরিকল্পনার অগ্রভাগে রাখা হয়েছে। নারী শিক্ষা, কর্মসংস্থান এবং নারী উদ্যোক্তা তৈরিকে সরকার অগ্রাধিকার দিচ্ছে।
তিনি বলেন, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে নারী উদ্যোক্তা তৈরিতে নগদ অর্থায়নের সুযোগ সম্প্রসারিত করা হয়েছে। পাশাপাশি স্নাতক শ্রেণি পর্যন্ত নারীদের বিনাবেতনে শিক্ষার সুযোগ উন্মুক্ত করা হয়েছে। তারেক রহমান বলেন, শুধু ভোটের গণতন্ত্র নয়, সরকার অর্থনীতির গণতন্ত্রায়নও নিশ্চিত করতে চায়। এর মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির সুফল প্রতিটি পরিবার এবং নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। প্রধানমন্ত্রী বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য ইতোমধ্যে বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘ফ্যামিলি কার্ড’, ‘ফার্মার্স কার্ড’, ‘স্পোর্টস কার্ড’ ও ‘ই-হেলথ কার্ড’।
প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে ইস্যু করা ‘ফ্যামিলি কার্ড’কে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক হিসেবে বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন খাতে সহায়তার জন্য চালু করা এসব কার্ডকে সমন্বয় করে ভবিষ্যতে একটি ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। এর মাধ্যমে বিভিন্ন সামাজিক সুরক্ষা ও সহায়তা কর্মসূচিকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।