উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) লেক টাঙ্গানিকায় একটি নৌযান ডুবে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৪৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। বৃহস্পতিবার ভোরে ডিআরসির মাপেরা গ্রামের কাছে নৌযানটি ডুবে যায়। এতে প্রায় ১০০ যাত্রী ও পণ্য ছিল বলে জানা গেছে। নৌযানটি তানজানিয়ার কিগোমা বন্দর থেকে ডিআরসির কালেমি শহরের দিকে যাচ্ছিল। ডিআরসির টাঙ্গানিকা প্রদেশের পরিবহনমন্ত্রী নরিস মুলঙ্গোয়ি বার্তা সংস্থা এপিকে জানান, দুর্ঘটনার পর নিখোঁজ যাত্রীদের উদ্ধারে তল্লাশি চলছে।
বেঁচে যাওয়া এক যাত্রী অ্যানি মোয়োনি জাতিসংঘ-সমর্থিত রেডিও ওকাপিকে জানান, রাত প্রায় ১টার দিকে যাত্রীদের ঘুম থেকে ওঠানো হয়। তখন তারা নৌযানটি একদিকে কাত হয়ে যেতে দেখেন। নৌযানটি কী কারণে ডুবে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ডিআরসিতে নৌদুর্ঘটনা নিয়মিত ঘটে। দেশটির অনেক নৌযান অতিরিক্ত যাত্রী ও পণ্য বহন করে এবং পর্যাপ্ত লাইফ জ্যাকেট না থাকার কারণে দুর্ঘটনায় প্রাণহানির ঝুঁকি বাড়ে।
কিগোমা-কালেমি নৌপথে এক মাসেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় বড় দুর্ঘটনা। এর আগে গত ২৮ আগস্ট কিগোমা বন্দরে জ্বালানি তোলার সময় এমভি প্যাসিফিক নামে একটি কঙ্গোলিজ নৌযানে আগুন ধরে বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় ছয়জন ক্রু নিহত এবং একজন নিখোঁজ হন।