উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইয়েমেনের হুথিদের হামলা জোরদারের মধ্যে সৌদি আরবের পাশে দাঁড়িয়েছে তুরস্ক ও পাকিস্তান। সৌদিকে সহায়তার উপায় নিয়ে তিন দেশের সামরিক বাহিনীর প্রধানদের জরুরি বৈঠকের প্রস্তুতি চলছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ‘মক্কা জয়েন্ট ডিফেন্স অ্যাগ্রিমেন্ট’-এর আওতায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। বৃহস্পতিবার সৌদি, তুরস্ক ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন। বৈঠকে সৌদি আরবের মক্কাসহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলার নিন্দা জানানো হয় এবং সৌদি আরবের আত্মরক্ষার অধিকার পুনর্ব্যক্ত করা হয়। এর মধ্যে হুথিরা বৃহস্পতিবার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হুথিদের ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। মক্কা, জেদ্দা ও লোহিত সাগরের গুরুত্বপূর্ণ তেলবন্দর ইয়ানবুসহ কয়েকটি এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছিল। সৌদি আরবের গ্র্যান্ড মুফতিও দেশটির সেনাদের হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বলে রয়টার্স জানিয়েছে।
হুথিদের হামলার মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, হুথিরা তাদের কর্মকাণ্ডের জন্য নিজেরাই দায়ী। যুক্তরাষ্ট্রের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তবে ইয়েমেনে হুথিদের ওপর ইরানের প্রভাব কতটা, তা নিয়ে নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে।