উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাবনায় অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ খন্দকার শাহরিয়ার কবির রিমন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পাবনা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের রাধানগর মজুমদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, পাবনা জেলাকে মাদক ও অবৈধ আগ্নেয়াস্ত্রমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপারের নির্দেশনায় পাবনা সদর থানার বিশেষায়িত দল (সিআরটি) এ অভিযান পরিচালনা করে।
অভিযানে রিমনের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে আট চেম্বারবিশিষ্ট .২২ ক্যালিবারের একটি রিভলভার এবং .২২ বোরের আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশের দাবি, রিভলভারটি রিমনের ব্যবহৃত ওয়ারড্রপের ড্রয়ার থেকে এবং গুলিগুলো শয়নকক্ষের টয়লেটের অকেজো ফ্লাশ ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাবনা সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।