উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণের আগে নিউইয়র্কে বিক্ষোভ থেকে অভিনেত্রী সুসান সারান্ডন, হান্না আইনবাইন্ডারসহ বেশ কয়েকজন অভিনেতা ও রাজনীতিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সদর দপ্তরের বাইরে এ বিক্ষোভ হয়। রয়টার্স জানিয়েছে, পুলিশ অন্তত ৩০ জনকে আটক করেছে। তবে বিক্ষোভের আয়োজক সংগঠন জিউইশ ভয়েস ফর পিসের দাবি, আটক ব্যক্তির সংখ্যা ১০০-এর বেশি। আটক ব্যক্তিদের মধ্যে অস্কারজয়ী অভিনেত্রী সুসান সারান্ডন, এমি পুরস্কারজয়ী অভিনেত্রী হান্না আইনবাইন্ডার, ডেমোক্রেটিক কংগ্রেস প্রার্থী দারিয়ালিজা আভিলা শেভালিয়ে এবং নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য চি অসে রয়েছেন। জিউইশ ভয়েস ফর পিসের আয়োজনে প্রায় ২০০ বিক্ষোভকারী জাতিসংঘের বাইরে জড়ো হন। তাদের অনেকের পরনে ছিল একই ধরনের সাদা টি-শার্ট, যাতে লেখা ছিল—‘ফান্ড পিপল, নট বোম্বস’, ‘নো ওয়ার’ ও ‘ফ্রি প্যালেস্টাইন’।
বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচলে বাধা দিলে পুলিশ মাইকিং করে তাদের সরে যেতে বলে। অনেকে ফুটপাতে চলে গেলেও একদল বিক্ষোভকারী রাস্তায় বসে স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ তাদের সরিয়ে বাসে তুলে নেয়। বিক্ষোভকারী মানিজেহ মোরাদিয়ান বলেন, গাজায় যা করা হচ্ছে, তা যুক্তরাষ্ট্রের অর্থ ও করদাতাদের অর্থের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় এ বিষয়ে প্রতিবাদ করা তাদের দায়িত্ব। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদে নেতানিয়াহু ভাষণ দেওয়ার সময় বেশ কয়েকটি দেশের প্রতিনিধি ও কূটনীতিক সভাকক্ষ থেকে বেরিয়ে যান। ভাষণে নেতানিয়াহু ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের পক্ষে অবস্থান তুলে ধরেন এবং তাঁর সরকারের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের জবাব দেন।
নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির সামনেও পৃথক বিক্ষোভ হয়। সেখানে ফিলিস্তিনি পতাকা ও বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার নিয়ে বিক্ষোভকারীরা জড়ো হন। নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার প্রসঙ্গও বিক্ষোভকারীদের বক্তব্যে উঠে আসে। আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে—এমন উল্লেখ করে বিক্ষোভকারীরা প্রশ্ন তোলেন, এমন পরিস্থিতিতে তিনি কীভাবে জাতিসংঘে ভাষণ দেওয়ার সুযোগ পাচ্ছেন।