উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাইবার অপরাধ কঠোরভাবে দমনে বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোয় একটি স্বতন্ত্র বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। গত ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, পুলিশের বর্তমান জনবল ও সরঞ্জাম ব্যবহার করে এবং একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের নেতৃত্বে এই ইউনিটের কার্যক্রম শুরু হবে। তবে ইউনিটটির পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো, নতুন পদের সংখ্যা, যানবাহন ও অন্যান্য লজিস্টিকস এখনো চূড়ান্ত হয়নি।
বর্তমানে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটিটিসি কাঠামোর ভেতরে সাইবার অপরাধসংক্রান্ত কার্যক্রম ও ফরেনসিক বিভাগ পরিচালিত হচ্ছে। পুলিশের বিভিন্ন ইউনিটে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এসব সক্ষমতাকে একটি স্থায়ী ও সমন্বিত কাঠামোর আওতায় আনার জন্যই নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই ইউনিট চালু হলে সিআইডি, ডিএমপি ও অন্যান্য ইউনিটের সঙ্গে এর কার্যপরিধি কেমন হবে এবং কোন পর্যায়ে স্থানীয় থানা বা জেলা পুলিশের ভূমিকা থাকবে, তা পরবর্তী সাংগঠনিক প্রস্তাবে স্পষ্ট করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ গণমাধ্যমকে জানিয়েছেন যে পুলিশের সাইবার ইউনিট গঠনের প্রক্রিয়া বর্তমানে দ্রুত এগিয়ে চলছে। পুলিশের প্রস্তাবিত কাঠামোতে প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করে তা দ্রুত মন্ত্রণালয়ে পাঠানোর কাজ চলছে। পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে যে দেশে সাইবার অপরাধের ধরন পাল্টানোর কারণে অপরাধীদের দমনে প্রশিক্ষিত পুলিশ সদস্য প্রয়োজন। এর ফলে বিভিন্ন ইউনিটে কর্মরত সাইবার বিশেষজ্ঞ পুলিশ কর্মকর্তারা নবগঠিত এই সাইবার পুলিশ ইউনিটের সঙ্গে যুক্ত হবেন।