উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক টেলিভিশন পুরস্কার এমি অ্যাওয়ার্ডসের ২০২৬ সালের আসরে জায়গা করে নিয়েছে আল জাজিরা ইংলিশের অনুসন্ধানী প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’। বাংলাদেশের ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতা ও আন্দোলনের সময়কার ঘটনাপ্রবাহ এবং শেখ হাসিনা সরকারের শেষ সময়ের বিভিন্ন ঘটনা নিয়ে তৈরি এই প্রামাণ্যচিত্রটি ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে মনোনীত হয়েছে। এই বিভাগে বাংলাদেশের প্রামাণ্যচিত্রটির পাশাপাশি ফ্রান্স, যুক্তরাজ্য ও ব্রাজিলের আরও তিনটি প্রযোজনা মনোনয়ন পেয়েছে। ২০২৫ সালের জুলাইয়ে আল জাজিরার অনুসন্ধানী ইউনিট প্রামাণ্যচিত্রটি প্রকাশ করে। এতে ওই সময়ের বিভিন্ন ঘটনা তুলে ধরতে ফোনালাপ, নথি এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ব্যবহার করা হয়েছে।
প্রামাণ্যচিত্রটিতে আবু সাঈদের মৃত্যুর ঘটনা, আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের বিষয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অভিযোগসংক্রান্ত অডিও নিয়ে আলোচনা করা হয়েছে। তবে প্রামাণ্যচিত্রে উপস্থাপিত কিছু তথ্য ও অডিওর ব্যাখ্যা নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছিল। দলটির বক্তব্য ছিল, শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের কোনো নির্দিষ্ট অনুমোদন দেননি। প্রামাণ্যচিত্রটির সঙ্গে যুক্ত প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটির প্রতিবেদনেও এ তথ্য প্রকাশিত হয়েছে। আগামী ২৩ নভেম্বর নিউইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে ২০২৬ সালের আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।