উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী রেজাউল ইসলামের বিরুদ্ধে নোটিশ জারির জন্য সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নেওয়া এবং আরও টাকা দাবি করার অভিযোগ উঠেছে। দাবিকৃত টাকা না দিলে ফাইল নালায় ফেলে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রায় ২ মিনিট ৩৯ সেকেন্ডের। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর রেজাউল ইসলামকে অন্যত্র বদলি করা হয়েছে। ভিডিওতে রেজাউল ইসলামের হাতে ১০০ টাকার একটি নোট দেখা যায়। সেখানে নোটিশ জারির খরচের কথা উল্লেখ করে তাকে সেবাগ্রহীতার কাছে আরও টাকা দাবি করতে শোনা যায়। ভিডিওতে রেজাউল বলেন, একটি নোটিশ জারি করতে খরচ হয়। সেবাগ্রহীতার পক্ষ থেকে অফিস থেকেই এ ধরনের খরচ পাওয়ার কথা বলা হলে তিনি এর প্রতিবাদ করেন। একপর্যায়ে রেজাউলকে বলতে শোনা যায়, সেবাগ্রহীতার নোটিশ এলে সেটি নালার মধ্যে ফেলে দেওয়ার পর নোটিশ পাননি বলে জানাতে হবে। পরে তিনি চ্যালেঞ্জের সুরে বলেন, “আপনার নোটিশ আসুক, তারপর দ্যাখপোনে। আপনি পারেন নাকি আমি পারি দ্যাখপোনে।” ভিডিওতে তাকে নোটিশ জারির জন্য গাড়ি ভাড়ার প্রয়োজন হয় বলেও দাবি করতে শোনা যায়। এ বিষয়ে এসি ল্যান্ডকে জানাতে সেবাগ্রহীতাকে বলেন তিনি।
স্থানীয় সেবাগ্রহীতাদের অভিযোগ, জমিসংক্রান্ত নামজারি, খাজনা কিংবা নোটিশ জারির মতো সাধারণ সেবা নিতে ভূমি কার্যালয়ে গেলে রেজাউল ইসলাম অতিরিক্ত টাকা দাবি করতেন। টাকা না দিলে ফাইল আটকে রেখে ভোগান্তিতে ফেলার অভিযোগও রয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অফিস সহকারী রেজাউল ইসলাম বলেন, “আমার ভুল হয়েছে। শাস্তি হিসেবে স্যারেরা আমাকে বদলি করেছেন। আমি আর এমন করব না।” কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন বলেন, বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর ওই অফিস সহকারীকে বদলি করা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।