উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিরূপ সমালোচনায় কর্মকর্তারা নিরুৎসাহিত হন উল্লেখ করে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সরকারের অগ্রাধিকার প্রকল্পের বাস্তবায়ন নিশ্চিত করতে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। জনপ্রশাসন সচিব বলেন, অনলাইনে বিভিন্ন ধরনের সমালোচনা, বিরূপ তথ্য-উপাত্ত, ভুল তথ্য (মিসইনফরমেশন) ও উদ্দেশ্যপ্রণোদিত ভুল তথ্য (ডিসইনফরমেশন) প্রকাশের বিষয়গুলো সরকারকে জানানো হয়েছে। এর ফলে অনেক সময় কর্মকর্তারা নিরুৎসাহিত হয়ে পড়েন। প্রত্যেকেরই পরিবার ও সামাজিক জীবন রয়েছে।
তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, “সাংবাদিক ভাইদের অনুরোধ, গঠনমূলক সমালোচনা করুন। আমাদের উন্নয়নের জন্য আপনারা সমালোচনা করবেন। তবে অনুগ্রহ করে আমাদের সহকর্মীদের প্রতি যেন অন্যায় বা বিরূপ আচরণ করা না হয়।” সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।প্রবাসীদের ঘরবাড়ি ও সম্পদের নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দেন জনপ্রশাসন সচিব। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উদ্দেশে তিনি বলেন, প্রবাসীরা কষ্ট করে ও প্রচণ্ড পরিশ্রম করে অর্থ উপার্জন করেন। তাদের কষ্টার্জিত সম্পদ যেন কোনোভাবেই বেহাত না হয় এবং তাদের ঘরবাড়ি ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম প্রমুখ।