উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের ব্যাডমিন্টন কোর্টে ১৫ বছর বয়সে যে যাত্রা শুরু হয়েছিল, দীর্ঘ বিরতির পর সেই আয়মান ইবনে জামানই ফিরেছেন দেশের জার্সিতে। যুক্তরাষ্ট্রে সফটওয়্যার প্রকৌশলীর পেশাজীবন সামলে এবার এশিয়ান গেমসের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মুন্সীগঞ্জের এই শাটলার। আর অভিষেকেই পেয়েছেন দারুণ সাফল্য—সেরা ষোলোতে উঠেছেন পুরুষ দ্বৈত ইভেন্টে।
২০১৩ সালের বাংলাদেশ গেমসে মাত্র ১৫ বছর বয়সে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়ে নিজের আগমনের জানান দেন আয়মান। এরপর ২০১৪ ও ২০১৬ সালের জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষ এককে শিরোপা জিতে নিজের অবস্থান আরও শক্ত করেন। যুব ও সিনিয়র—দুই পর্যায়েই বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। উচ্চশিক্ষার জন্য ২০২০ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান আয়মান। কম্পিউটার বিজ্ঞানে মাস্টার্স শেষ করে শুরু করেন সফটওয়্যার প্রকৌশলীর পেশা। তবে হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন হারিয়ে যায়নি। যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি ব্যাডমিন্টনের সঙ্গে সম্পর্কও ধরে রাখেন তিনি। চলতি বছর জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে দীর্ঘ বিরতির পর বাংলাদেশের প্রতিযোগিতামূলক ব্যাডমিন্টনে ফেরেন আয়মান। এরপর আসে দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে ফেরার সুযোগ। আর সেই প্রত্যাবর্তনেই এশিয়ান গেমসে নতুন অধ্যায়। জাপানের ইচিনোমিয়া সিটি মিউনিসিপ্যাল জিমনেসিয়ামে পুরুষ দ্বৈতের রাউন্ড অব ৩২-এ গৌরব সিংহকে সঙ্গে নিয়ে কাজাখস্তানের আর্তুর নিয়াজোভ ও খাইতমুরাত কুলমাতোভকে সরাসরি দুই সেটে হারান আয়মান-গৌরব জুটি। প্রথম সেটে জয় আসে ২১-৮ ব্যবধানে, দ্বিতীয় সেটে ২১-১২।
এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে বাংলাদেশের প্রথম অংশগ্রহণেই সেরা ষোলোতে উঠে এসেছে এই জুটি। শনিবার পরের রাউন্ডে ভিয়েতনামের বিপক্ষে লড়বে তারা। মুন্সীগঞ্জের এই শাটলার মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতনের বড় ছেলে। শুক্রবার ভোরে ছেলের ও তার সতীর্থদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে বাংলাদেশের হয়ে এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া খেলোয়াড়দের জন্য দেশবাসীর কাছে দোয়া চান কামরুজ্জামান রতন। দেশের হয়ে খেলাই আয়মানের কাছে সবচেয়ে বড় প্রেরণা। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি আমার দেশকে ভালোবাসি। এখান থেকেই আমার খেলা শুরু করেছিলাম।” সফটওয়্যার প্রকৌশলীর পেশা আর ব্যাডমিন্টনের কোর্ট—দুই জগত সামলেও আয়মানের লক্ষ্য এখন একটাই, বাংলাদেশের জন্য কিছু করা। ১৫ বছর বয়সে যে কোর্টে তার সাফল্যের গল্প শুরু হয়েছিল, দীর্ঘ এক বিরতির পর সেই বাংলাদেশের জার্সিতেই এখন এশিয়ান গেমসের আন্তর্জাতিক মঞ্চে নতুন অধ্যায় লিখছেন মুন্সীগঞ্জের আয়মান ইবনে জামান।