উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পুলিশ সদস্যদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের কেউ ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রাখলে, গোপনে তথ্য দিলে বা অন্যভাবে সহযোগিতা করলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে শৃঙ্খলা ভঙ্গ করলেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশের কেউ কেউ এখনো ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। মাঠপর্যায়ে দায়িত্ব পালন না করা, অবহেলা করা এবং ক্ষেত্রবিশেষে ফ্যাসিবাদী শক্তিকে গোপনে সংবাদ দেওয়া বা অন্যভাবে সহযোগিতার তথ্য সরকারের কাছে রয়েছে। তিনি বলেন, পুলিশ সদস্যদের পদমর্যাদা যাই হোক না কেন, শৃঙ্খলাভঙ্গের ক্ষেত্রে সরকার কঠোর হবে। কেউ ইনডিসিপ্লিন করলে তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত করতেও সরকার পিছপা হবে না। পুলিশের তৃণমূল পর্যায় থেকে আইজিপি পর্যন্ত সবাইকে সতর্ক করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনে, শৃঙ্খলা রক্ষা এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকার কঠোর হতে বাধ্য হবে। তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি পুলিশ বাহিনীকে অপব্যবহার ও রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। অনেক পুলিশ সদস্যকে অবৈধ ও বেআইনি নির্দেশ পালন করতে বাধ্য করা হয়েছে। এমন বাস্তবতায় পুলিশ সদস্যদের সংশোধনের এবং জনগণের আস্থা অর্জনের সুযোগ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের দায়িত্ব শুধু অপরাধী গ্রেপ্তার কিংবা আইন প্রয়োগের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রের প্রতি নাগরিকের আস্থা ধরে রাখাও পুলিশের দায়িত্ব। তিনি আরও বলেন, সরকার এমন একটি পুলিশ বাহিনী গড়ে তুলতে চায়, যা দক্ষ ও পেশাদার, প্রযুক্তিতে সক্ষম, আচরণে মানবিক, আইন প্রয়োগে দৃঢ় এবং দায়িত্ব পালনে নিরপেক্ষ হবে। পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রতিটি পুলিশ সদস্যকে জনগণের সঙ্গে সম্মানজনক ও মানবিক আচরণ করতে হবে। মানুষের কথা শুনে আইনের মধ্যে থেকে দ্রুত সেবা দেওয়ার জন্য সচেষ্ট থাকতে হবে। এ সময় তিনি পুলিশের আধুনিকায়ন, প্রশিক্ষণ, প্রযুক্তি ও সরঞ্জাম বাড়ানোর পাশাপাশি সাইবার অপরাধ মোকাবিলায় স্বতন্ত্র সাইবার ইউনিট চালুর কথাও জানান।