উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির সামরিক বাহিনীর কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাও রয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিকউইট শহর থেকে রাজধানী কিনশাসার উদ্দেশে উড্ডয়ন করে উড়োজাহাজটি। পথে কারিগরি ত্রুটি দেখা দিলে কোয়াঙ্গো প্রদেশের কেনজেতে জরুরি অবতরণের চেষ্টা করা হয়। তবে সেখানে অবতরণের উপযুক্ত স্থান না থাকায় উড়োজাহাজটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। ডিআর কঙ্গোর সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেঞ্জে জানান, উড়োজাহাজটিতে থাকা সবাই নিহত হয়েছেন। তাদের মধ্যে ১২ জনের মরদেহ আগুনে এতটাই পুড়ে গেছে যে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পাইলটের মরদেহ উড়োজাহাজের বাইরে পাওয়া গেছে।
কোয়াঙ্গো প্রদেশের উপগভর্নর রেমি সাকি বোকিন্ডাও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কেনজেতে উড়োজাহাজটি নিরাপদে অবতরণের মতো কোনো জায়গা ছিল না।সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুই জেনারেলের সঙ্গে সফররত একটি সরকারি প্রতিনিধিদলের সদস্য এবং কয়েকজন সামরিক সদস্যও ছিলেন।দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক কর্তৃপক্ষ। মধ্য আফ্রিকার খনিজসম্পদে সমৃদ্ধ ডিআর কঙ্গো দীর্ঘদিন ধরে সংঘাতের মধ্যে রয়েছে। বিশেষ করে রুয়ান্ডা সীমান্তবর্তী দেশটির পূর্বাঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী মূল্যবান খনি ও ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে জড়িত।