উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের আধারা ইউনিয়নের চিতলিয়া বাজারে ৩ লাখ টাকা চাঁদা দাবির জেরে এক ব্যক্তিকে মারধর ও পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। থানায় অভিযোগ করার পর রাতে তার বসতবাড়িতে গিয়ে গুলি ছোড়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী। অভিযোগকারী মোহাম্মদ মেহের উল্লাহ মাদবর জানান, আধারা ইউনিয়নের দেওয়ানকান্দি এলাকার আলমগীর বেপারী ও তার তিন ছেলে রিক্সন বেপারী, রবিন বেপারী ও সাব্বির বেপারী আগে তার বাড়িতে গিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। অভিযোগে বলা হয়, ২৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে মেহের উল্লাহ আধারা ইউনিয়নের চিতলিয়া বাজারে গেলে অভিযুক্তরা তার ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করেন। একপর্যায়ে তাকে পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি দেখানো ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তিনি আহত হন। অভিযোগকারী জানান, স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে সেখান থেকে চলে যান। পরে তিনি এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ করেন। ২৫ সেপ্টেম্বর রাতে থানায় অভিযোগ করার পর অভিযুক্তরা তার বসতবাড়িতে গিয়ে গুলি ছোড়েন বলেও অভিযোগ করেন মেহের উল্লাহ। এতে তিনি ও তার পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন তিনি
>মেহের উল্লাহ জানান, গুলি ছোড়ার ঘটনার পর ঘটনাস্থল থেকে একটি ফায়ার করা কার্তুজের খোসা ও একটি তাজা কার্তুজ পাওয়া যায়। আধারা ইউনিয়নের বিট অফিসার এসআই রিয়াদ ঘটনাস্থলে গিয়ে কার্তুজ দুটি আলামত হিসেবে নিয়ে আসেন বলে জানান তিনি। মেহের উল্লাহ মাদবরের দাবি, তার বা পরিবারের সদস্যদের ওপর ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন তিনি। মুন্সীগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সজীব বলেন, “অভিযোগটি তদন্তাধীন। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” অভিযোগের বিষয়ে আলমগীর বেপারী ও তার তিন ছেলে রিক্সন বেপারী, রবিন বেপারী ও সাব্বির বেপারীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।