উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নখ সাজানোর ক্ষেত্রে এতদিন রঙিন নেইল পলিশ, নেল আর্ট ও নানা ধরনের নকশাই ছিল জনপ্রিয়তার কেন্দ্রবিন্দু। তবে সাম্প্রতিক সময়ে সেই প্রবণতায় কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। অনেকেই এখন নেইল পলিশ ছাড়াই পরিষ্কার, মসৃণ ও স্বাভাবিক নখ রাখাকে পছন্দ করছেন। ফ্যাশন দুনিয়ায় এই প্রবণতা পরিচিত হচ্ছে ‘বেয়ার নেইলস’ নামে। লন্ডনের একটি স্পা-এর মালিক পালোমা বুদেমায়ার জানান, সম্প্রতি এমন অনেক গ্রাহক আসছেন, যারা নখ কাটছেন, ঘষে মসৃণ করছেন, কিউটিকল পরিষ্কার ও ময়েশ্চারাইজ করছেন; কিন্তু শেষে কোনো রঙের পলিশ ব্যবহার করছেন না। সামাজিক যোগাযোগমাধ্যম, ফ্যাশন র্যাম্প ও তারকাদের মাধ্যমে ‘বেয়ার নেইলস’ জনপ্রিয়তা পাওয়ায় এটিকে অনেকে ‘নীরব আভিজাত্য’র নতুন প্রতীক হিসেবেও দেখছেন। তবে এই প্রবণতা নিয়ে প্রশ্নও উঠছে। সমালোচকদের মতে, সাজানো নখকে ‘অরুচিশীল’ আর স্বাভাবিক নখকে ‘রুচিশীল’ হিসেবে উপস্থাপন করা হলে সৌন্দর্য ও সামাজিক শ্রেণি নিয়ে পুরোনো ধারণাগুলোই নতুনভাবে প্রতিষ্ঠিত হতে পারে। সাংবাদিক ক্রিস্টিনা রোদুলফোর মতে, নেইল আর্টের বিকাশে কৃষ্ণাঙ্গ, লাতিনো ও এশীয় সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ফলে বৈচিত্র্যময় নেইল আর্টকে পেছনে ঠেলে স্বাভাবিক নখকে উচ্চবিত্ত রুচির প্রতীক হিসেবে তুলে ধরার প্রবণতা নিয়ে সাংস্কৃতিক পরিচয় ও প্রতিনিধিত্বের প্রশ্নও তৈরি হচ্ছে।অবশ্য অনেকের কাছে বিষয়টি শ্রেণি বা সামাজিক মর্যাদার সঙ্গে সম্পর্কিত নয়। সময় ও অর্থ সাশ্রয়, ব্যস্ততা কিংবা নখ ভেঙে যাওয়ার ঝুঁকি কমানোর জন্যও অনেকে নেইল পলিশ ব্যবহার থেকে সরে আসছেন। আইরিশ টেলিভিশন উপস্থাপক অ্যাঞ্জেলা স্ক্যানলনও দীর্ঘদিন নিয়মিত ম্যানিকিউর করাতেন। নিউইয়র্কে থাকার সময় শুরু হওয়া সেই অভ্যাস একপর্যায়ে তার কাছে চাপ মনে হতে থাকে। পরে ব্যস্ততা ও সময়ের কথা বিবেচনা করে তিনি ম্যানিকিউর ছেড়ে দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানানোর পর অনেকেই তার সঙ্গে একমত হন।
অ্যাঞ্জেলা স্ক্যানলনের বক্তব্যও অনেকটা সেদিকেই—কেউ নেইল আর্ট পছন্দ করেন, কেউ করেন না। তাই ব্যক্তিগত পছন্দকে পছন্দ হিসেবেই গ্রহণ করাই হয়তো সবচেয়ে স্বাভাবিক।