উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফিফা টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিয়ে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষায় পড়েছিল বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে ৩-০ গোলে হেরে আসর শুরু করেছে লাল-সবুজের দল। মালয়েশিয়ার বিপক্ষে শেখ মোরসালিনকে প্রথম একাদশে রাখা হয়নি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামলেও ম্যাচের ফল বদলাতে পারেননি এই ফরোয়ার্ড। তবে প্রথম ম্যাচের হার নিয়ে পড়ে না থেকে এখন পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশের। আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। মালয়েশিয়া ম্যাচের পর বাংলাদেশ দল প্রস্তুতির জন্য পেয়েছে দুই দিন। খেলোয়াড়দের মধ্যে যারা প্রথম ম্যাচে বেশি সময় মাঠে ছিলেন, তাদের জন্য ছিল বিশ্রাম। অন্যদিকে কম সময় খেলা কিংবা মাঠে না নামা খেলোয়াড়েরা অনুশীলনে অংশ নেন। মোরসালিনও ছিলেন অনুশীলন করা দলের সঙ্গে।
অনুশীলন শেষে মালয়েশিয়া ম্যাচের হার নিয়ে মোরসালিন বলেন, তারা জয়ের লক্ষ্যেই মাঠে নেমেছিলেন। কিন্তু প্রত্যাশা অনুযায়ী ফল না আসায় স্বাভাবিকভাবেই দলের সবাই হতাশ। তবে প্রথম ম্যাচের হারকে পেছনে রেখে এখন সিঙ্গাপুর ম্যাচেই মনোযোগ বাংলাদেশের। মোরসালিনের কথায়, পরের ম্যাচ জয়ের পরিকল্পনাই এখন দলের মূল লক্ষ্য।তিনি বলেন, “আমরা এখন পরের ম্যাচটা নিয়ে চিন্তা করছি। কীভাবে ম্যাচটি জিতব, সেই পরিকল্পনা করছি। আমরা এখানে জিততে এসেছি। সবার মনে করা উচিত, আমরা এই টুর্নামেন্ট জিততে এসেছি। তাই পরের ম্যাচ জেতাই আমাদের লক্ষ্য।” সিঙ্গাপুর বাংলাদেশের জন্য অপরিচিত প্রতিপক্ষ নয়। এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে দলটির বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ঘরের মাঠে ২-১ গোলে হারলেও অ্যাওয়ে ম্যাচে লড়াই করে শেষ পর্যন্ত ১-০ গোলে পরাজিত হয়েছিল বাংলাদেশ। আসিয়ান কাপের এবারের আসরে সিঙ্গাপুরও হার দিয়ে যাত্রা শুরু করেছে। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ২-০ গোলে হেরেছে তারা। ফলে দুই দলই প্রথম ম্যাচে পয়েন্টশূন্য। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের সামনে এখন ঘুরে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে নেওয়ার সুযোগ।