উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের লৌহজংয়ে নানা অনিয়ম ও ব্যবস্থাপনার অভিযোগে দুটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠান দুটিকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটার ও এক্স-রে রুম অনির্দিষ্টকালের জন্য সিলগালা করা হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার মালির অংক এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ইসলামী জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির অপারেশন থিয়েটার ও এক্স-রে রুম অনির্দিষ্টকালের জন্য সিলগালা করা হয়েছে। এ ছাড়া একই এলাকার ইয়াসমিন দেলোয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু জানান, রোগীদের অভিযোগের ভিত্তিতে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তিনি বলেন, রোগীদের সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা, গাফিলতি বা অনিয়মের কারণে ভোক্তার অর্থ, স্বাস্থ্য কিংবা জীবন ক্ষতির মুখে পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান পরিচালনার সময় মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন রাজিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।