উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জে আকস্মিক ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সমন্বিত পুলিশি সাড়া নিশ্চিত করতে কুইক রেসপন্স টিম (QRT) গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। অপরাধপ্রবণ এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে এ টিম কাজ করবে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে কুইক রেসপন্স টিম (QRT) গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।
মুন্সীগঞ্জে জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি সাড়ায় কুইক রেসপন্স টিম গঠন, অপরাধপ্রবণ এলাকায় সমন্বিত অভিযানের সিদ্ধান্ত
সভায় জেলার প্রতিটি থানার পাশাপাশি মুন্সীগঞ্জে কর্মরত সিআইডি, পিবিআই, নৌ-পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও হাইওয়ে পুলিশের সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। সভায় কুইক রেসপন্স টিমের সদস্য নির্বাচন, গঠন কাঠামো ও কর্মপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আকস্মিক আইনশৃঙ্খলাজনিত সমস্যা, অনাকাঙ্ক্ষিত ঘটনা কিংবা জরুরি পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট ইউনিটের অপেক্ষা না করে সমন্বিতভাবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পুলিশি সাড়া নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত হয়।
সভায় সংশ্লিষ্ট সব ইউনিটের সমন্বয়ে কুইক রেসপন্স টিমের সদস্যদের তালিকা দ্রুত প্রস্তুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে অপরাধপ্রবণ এলাকাগুলোতে সমন্বিত অভিযান পরিচালনার বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।