উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দক্ষিণ আফ্রিকার দুটি টাউনশিপে পৃথক বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৬ জন। শনিবার রাতে জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে ওয়েডেলা এলাকায় একটি পানশালায় হামলায় ১৭ জন নিহত ও ১৫ জন আহত হন। এর কয়েক ঘণ্টা পর কেপটাউনের কাছে ল্যান্ডলে এলাকায় একটি দোকানে হামলায় আরও ১০ জন নিহত ও ১১ জন আহত হন। পুলিশ জানিয়েছে, ওয়েডেলার হামলায় একদল বন্দুকধারী প্রথমে পানশালার বাইরে থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তারা ভেতরে ঢুকে গুলি চালায়। হামলাকারীরা কয়েকজনের মোবাইল ফোনও নিয়ে যায় বলে তদন্তকারীরা জানিয়েছেন।
পুলিশের দাবি, হামলায় অন্তত আটজন জড়িত ছিল। তাদের কয়েকজনের কাছে একে-৪৭ রাইফেল ও পিস্তল ছিল বলে জানা গেছে। হামলার পর তারা দুটি গাড়িতে করে পালিয়ে যায়। ঘটনাস্থলে দুটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। ওয়েডেলার ঘটনায় পুলিশ ১৭টি হত্যা ও ১৫টি হত্যাচেষ্টার মামলা করেছে। হামলাকারীদের ধরতে তদন্ত ও অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। হামলার উদ্দেশ্যও জানা যায়নি।
অন্যদিকে, রোববার ভোরে কেপটাউনের কাছে ল্যান্ডলে এলাকায় একটি দোকানে বন্দুকধারীদের হামলায় ১০ জন নিহত ও ১১ জন আহত হন। এ ঘটনায়ও একাধিক সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। এর মাত্র কয়েক দিন আগে ডারবানের কাছে একটি বাড়ির পার্টিতে বন্দুক হামলায় ১১ জন নিহত হন। নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও ছিলেন। দক্ষিণ আফ্রিকায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সহিংস অপরাধের ঘটনা দীর্ঘদিন ধরেই বড় ধরনের নিরাপত্তা উদ্বেগের কারণ হয়ে আছে।
তথ্যসূত্র: আলজাজিরা ও এএফপি