উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিধানসহ সংবিধানের আরও দুটি অনুচ্ছেদ সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান রাখার প্রস্তাব বিএনপি দিয়েছিল বলে জানিয়েছেন সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির তৃতীয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সালাহউদ্দিন আহমদ বলেন, ভবিষ্যতে কোনো সংসদ যাতে এসব বিধান সহজে পরিবর্তন করতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলো গণভোটের আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিধানসহ আরও দুটি অনুচ্ছেদকে বিদ্যমান গণভোটের আওতাভুক্ত বিধানের সঙ্গে যুক্ত করার বিষয়ে ঐকমত্য হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, সংবিধানের নির্দিষ্ট কিছু অনুচ্ছেদ সংশোধনের ক্ষেত্রে গণভোটের সাংবিধানিক বিধান রয়েছে। সংশোধনী বিল সংসদে পাস হওয়ার পর যেসব অনুচ্ছেদের ক্ষেত্রে গণভোট প্রয়োজন হবে, রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে সেসব বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে।
বিশেষ কমিটির সভায় জাতীয় দৈনিকের সম্পাদক, বিভিন্ন সাংবাদিক ফোরামের প্রতিনিধি ও বিশিষ্ট সাংবাদিকেরা অংশ নেন। সংবিধানের প্রস্তাবনা, বিভিন্ন অনুচ্ছেদ ও তফসিল নিয়ে তাদের মতামত ও প্রস্তাব নেওয়া হয়। কমিটির সভাপতি জানান, অংশগ্রহণকারীদের অনেকেই লিখিত প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছেন। এসব মতামত পর্যালোচনা করে চূড়ান্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে।
বিরোধী দলের অংশগ্রহণের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, তাদের বারবার বিশেষ কমিটির আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তারা যোগ দিলে তাদের বক্তব্য ও প্রস্তাবও আলোচনায় নেওয়া হবে বলে জানান তিনি। জুলাই জাতীয় সনদকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সনদে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নের পাশাপাশি আলোচনায় বাদ পড়া বিষয়গুলোও ঐকমত্যের ভিত্তিতে গ্রহণের চেষ্টা করা হবে।
বিশেষ কমিটির প্রতিবেদন ডিসেম্বরের মধ্যে সংসদে উপস্থাপনের লক্ষ্য রয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। এরপর ওই প্রতিবেদনের ভিত্তিতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সংশোধনী বিল প্রস্তুত করা হবে। আগামী বছরের প্রথম সংসদ অধিবেশনে বিলটি উত্থাপনের আশা প্রকাশ করেন তিনি।