উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের প্রধান সহকারী মো. আব্দুল আউয়ালের বিরুদ্ধে কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, কাজে বিলম্ব ও হয়রানি, বেআইনিভাবে অর্থ গ্রহণ এবং অফিসের সংবেদনশীল ও গোপনীয় তথ্য পাচারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে মুন্সীগঞ্জ জেলার বাইরে বদলি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছিল। মুন্সীগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের স্মারক নং সিএসমুন/২০২৫/৩২০৪, তারিখ ৩০ এপ্রিল ২০২৫-এর একটি সরকারি চিঠিতে এসব অভিযোগের উল্লেখ রয়েছে। তৎকালীন সিভিল সার্জন ডা. মো. মনজুরুল আলম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), ঢাকা বিভাগ বরাবর চিঠিটি পাঠান। চিঠিতে বলা হয়, আব্দুল আউয়াল মুন্সীগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে যোগদানের আগে মুন্সীগঞ্জ সদর উপজেলায় প্রধান সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ও কয়েকজন কর্মচারীর কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল। এ বিষয়ে তদন্তের পর তাকে সতর্ক করে পত্র দেওয়া হয়েছিল বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
২০২৫ সালের ওই চিঠিতে আরও বলা হয়, সিভিল সার্জনের কার্যালয়ে দায়িত্ব পালনকালে আব্দুল আউয়ালের বিরুদ্ধে কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, কাজে বিলম্ব ও হয়রানি এবং বেআইনিভাবে অর্থ গ্রহণের অভিযোগ পাওয়া যায়। পাশাপাশি অফিসের সংবেদনশীল ও গোপনীয় তথ্য পাচার এবং সংবাদমাধ্যমকে তথ্য দেওয়ার অভিযোগও উল্লেখ করা হয়। তৎকালীন সিভিল সার্জনের ভাষ্য অনুযায়ী, এসব কর্মকাণ্ডের কারণে স্বাস্থ্য বিভাগের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি অফিসের বিভিন্ন কার্যক্রমে জটিলতা সৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় সার্বিক বিষয় বিবেচনায় আব্দুল আউয়ালকে মুন্সীগঞ্জ জেলার বাইরে বদলি এবং তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), ঢাকা বিভাগকে অনুরোধ করেন তৎকালীন সিভিল সার্জন ডা. মো. মনজুরুল আলম।
অভিযোগের বিষয়ে মো. আব্দুল আউয়ালের বক্তব্য জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো পুরোনো এবং এগুলোর কোনো সত্যতা নেই।”
এ বিষয়ে বর্তমান মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বলেন, “উল্লিখিত অভিযোগগুলো আমার যোগদানের আগের সময়ের। বর্তমানে কোনো অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে সত্যতা যাচাইয়ের পর বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো ৩০ এপ্রিল ২০২৫ তারিখের সরকারি চিঠিতে থাকা তথ্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অভিযোগগুলোর চূড়ান্ত সত্যতা বা দায় নির্ধারণের বিষয়টি সংশ্লিষ্ট তদন্ত ও প্রশাসনিক সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।