উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী নরইস্টারের প্রভাবে নিউইয়র্কসহ বিভিন্ন এলাকায় বন্যা, বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও জনদুর্ভোগ দেখা দিয়েছে। প্রবল বাতাসে নিউইয়র্কের ব্রুকলিনে গাছ পড়ে নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটির এক কর্মী নিহত হয়েছেন। শনিবার রাত পর্যন্ত প্রায় ৭৩ হাজার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন ছিল। দিনের শুরুতে এ সংখ্যা প্রায় ১ লাখ ১৯ হাজারে পৌঁছেছিল। ঝড়ের কারণে প্রায় ৪২৫টি ফ্লাইট বাতিল এবং ৩ হাজার ১৬টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।নিউইয়র্ক ও নিউ জার্সির কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি, উচ্চ জোয়ার ও উপকূলীয় বন্যার আশঙ্কায় বাসিন্দাদের সমুদ্রসৈকত ও পানিতে তলিয়ে যাওয়া এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাসকারী বব ওরাভেক জানিয়েছেন, উত্তর-পূর্বাঞ্চলে ঝড়ের প্রভাব আরও কয়েক দিন থাকতে পারে। এ সময়ে প্রবল বাতাস, উচ্চ জোয়ার ও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
এদিকে ঝড়ের কারণে বিভিন্ন কনসার্ট ও ক্রীড়া আয়োজন বাতিল হয়েছে। ম্যাসাচুসেটসে এড শিরানের নির্ধারিত দুটি অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। কর্তৃপক্ষ বাসিন্দাদের আবহাওয়ার সর্বশেষ সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে।