উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গ্রিসের উত্তরাঞ্চলের সিনতিকি আটককেন্দ্রে দীর্ঘদিন ধরে বন্দি থাকা বাংলাদেশি ও মিশরীয় অভিবাসীদের কয়েকজন চরম দুর্ভোগের অভিযোগ করেছেন। পরিস্থিতির কারণে তাদের কেউ কেউ আত্মহত্যার কথাও ভাবছেন বলে দাবি করেছেন। ইউরোপীয় ইউনিয়নের জন্য ‘পাইলট প্রকল্প’ হিসেবে পরিচিত এই কেন্দ্র থেকে সাধারণত আটক ব্যক্তিদের বাইরে যাওয়ার সুযোগ নেই। ইনফোমাইগ্রেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৪০০ বাংলাদেশি ও মিশরীয় অভিবাসীর কয়েকজন গত ২৫ আগস্ট একটি খোলা চিঠিতে সহায়তার আবেদন করেন। চিঠিতে তারা দাবি করেন, ১২ মাসেরও বেশি সময় ধরে তারা আটক রয়েছেন এবং দীর্ঘ বন্দিত্বে অনেকে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন।
চিঠিতে অভিবাসীরা অভিযোগ করেন, তাদের মধ্যে অনেকেই আত্মহত্যার কথা ভাবছেন। একই সঙ্গে অল্প খাবার, অপর্যাপ্ত টয়লেট ও পানির সংকটের কথাও উল্লেখ করেন তারা। তবে আটককেন্দ্রে থাকা কোনো অভিবাসীর সঙ্গে সরাসরি কথা বলতে পারেনি এএফপি। প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে কেন্দ্রটিতে পুলিশ ও অভিবাসীদের মধ্যে একাধিক সংঘর্ষ হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তার দাবি, সংঘর্ষের পর কেন্দ্রটির চারটি অংশের মধ্যে তিনটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৫০ জনের বেশি অভিবাসীকে আটক করা হয়েছে।
স্থানীয় চিকিৎসক ও সাবেক সংসদ সদস্য আফ্রোদিতি স্তামবুলি কেন্দ্রটির স্বাস্থ্যকর পরিবেশ নিয়ে অভিযোগ করেছেন। তার দাবি, সেখানে বিভিন্ন চর্মরোগ ও সংক্রমণে আক্রান্ত অভিবাসী রয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, আইনি পরামর্শদাতাদের কেন্দ্রের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয় না।তবে গ্রিসের অভিবাসন ও আশ্রয়মন্ত্রী থানোস প্লেভরিস আটককেন্দ্রটির পরিস্থিতি ভালো বলে দাবি করেছেন। তার ভাষ্য, আটক ব্যক্তিরাই কেন্দ্রটির বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত করছেন। তিনি আরও বলেন, সিনতিকি কেন্দ্রটি অভিবাসীদের আগমন কমানো এবং ফেরত পাঠানোর সংখ্যা বাড়ানোর লক্ষ্যে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।
এদিকে সিনতিকি আটককেন্দ্র বন্ধের দাবি জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। কেন্দ্রটি বুলগেরিয়া সীমান্তের কাছে অবস্থিত। স্থানীয় কর্মকর্তারা দীর্ঘমেয়াদি আটকাবস্থা ও কেন্দ্রটির পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।