উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সংবিধানে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংবিধান সংশোধনে তাদের অগ্রাধিকার ‘জুলাই জাতীয় সনদ’; পাশাপাশি নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোও বিবেচনায় নেওয়া হবে। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের গণমাধ্যম সেন্টারে সংবিধান সংশোধন কমিটির তৃতীয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সংবিধানের ৮ অনুচ্ছেদে যুক্ত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এটি তাদের নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বলেও উল্লেখ করেন তিনি।
যেসব অনুচ্ছেদে পরিবর্তনের কথা
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংবিধানের প্রস্তাবনাসহ ৮, ৪৮, ৫৬ ও ১৪২ অনুচ্ছেদে পরিবর্তনের বিষয়টি আলোচনায় রয়েছে। এসব ক্ষেত্রে সংশোধন আনা হলে রাষ্ট্রপতির অনুমোদনের আগে গণভোটের প্রয়োজন হবে বলে জানান তিনি। সংসদে সংশোধনী বিল পাসের পর এ গণভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সুপ্রিম কোর্টের রায়ে সংবিধানের ১৫তম সংশোধনী বাতিল হওয়ায় ১৪২ অনুচ্ছেদ পুনরুজ্জীবিত হয়েছে বলে কমিটি মনে করছে।
তত্ত্বাবধায়ক সরকার নিয়েও প্রস্তাব
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সুরক্ষায় গণভোটের বিধান রাখার বিষয়ে বিএনপির একটি প্রস্তাবের কথাও জানান কমিটির আহ্বায়ক। তার ভাষ্য, ভবিষ্যতে কোনো সংসদ যাতে সহজে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট অনুচ্ছেদে পরিবর্তন আনতেও গণভোটের প্রয়োজন হবে—এমন বিধান যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
জানুয়ারিতে সংসদে উঠতে পারে বিল
সংবিধান সংশোধন কমিটির প্রতিবেদন ডিসেম্বরের মধ্যেই সংসদে দেওয়ার চেষ্টা চলছে বলে জানান সালাউদ্দিন আহমদ। ওই প্রতিবেদনের ভিত্তিতে আইন মন্ত্রণালয় একটি সংশোধনী বিল প্রস্তুত করবে। তিনি বলেন, আগামী বছরের জানুয়ারিতে সংসদের প্রথম অধিবেশনে বিলটি উত্থাপিত হতে পারে। সংসদে আলোচনা ও প্রয়োজনীয় সংশোধনের পর বিলটি পাস হলে সংশ্লিষ্ট বিষয়ে গণভোটের মাধ্যমে চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন হবে।