উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রোস্টেট ক্যানসারের চিকিৎসায় হরমোন থেরাপি, কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি ও থেরানোস্টিকসের মতো বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়া বা উন্নত পর্যায়ের প্রোস্টেট ক্যানসারের ক্ষেত্রে এসব সিস্টেমিক থেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টারের (MSK) তথ্য অনুযায়ী, সিস্টেমিক থেরাপির ওষুধ বা চিকিৎসা শরীরজুড়ে কাজ করে ক্যানসার কোষ নিয়ন্ত্রণ বা ধ্বংস করতে সাহায্য করে। রোগীর ক্যানসারের পর্যায়, আকার, জেনেটিক বৈশিষ্ট্য ও সামগ্রিক স্বাস্থ্যের ওপর ভিত্তি করে চিকিৎসা নির্ধারণ করা হয়।
প্রোস্টেট ক্যানসারের উন্নত চিকিৎসায় আলোচিত পদ্ধতিগুলোর একটি হলো থেরানোস্টিকস। এতে নির্দিষ্ট অণু ব্যবহার করে ক্যানসার কোষ শনাক্ত করা হয় এবং একই ধরনের লক্ষ্যভিত্তিক অণুর মাধ্যমে ওই কোষে তেজস্ক্রিয়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। এ পদ্ধতিতে প্রোস্টেট-স্পেসিফিক মেমব্রেন অ্যান্টিজেন বা PSMA গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক প্রোস্টেট ক্যানসার কোষের পৃষ্ঠে এই প্রোটিন পাওয়া যায়। PSMA PET স্ক্যানের মাধ্যমে শরীরে ক্যানসার কোথায় ছড়িয়েছে তা শনাক্ত করা যেতে পারে। এরপর উপযুক্ত রোগীর ক্ষেত্রে PSMA-কে লক্ষ্য করে রেডিওঅ্যাকটিভ থেরাপি ব্যবহার করা হয়। MSK-এর তথ্য অনুযায়ী, 177Lu-PSMA-617 (Pluvicto) নামের একটি চিকিৎসা পদ্ধতির ক্লিনিক্যাল ট্রায়াল উন্নয়নে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
ক্যানসার কোষের নির্দিষ্ট জেনেটিক পরিবর্তন বা প্রোটিনকে লক্ষ্য করে যে চিকিৎসা দেওয়া হয়, তাকে টার্গেটেড থেরাপি বলা হয়। প্রোস্টেট ক্যানসারের কিছু ক্ষেত্রে জেনেটিক পরীক্ষার মাধ্যমে চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন শনাক্ত করা যায়। এর মধ্যে BRCA জিনের পরিবর্তনও রয়েছে। BRCA-সম্পর্কিত কিছু প্রোস্টেট ক্যানসারে PARP inhibitor ব্যবহার করা যেতে পারে। ওলাপারিব ও রুকাপারিব এ ধরনের ওষুধের উদাহরণ।
শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া বা মেটাস্ট্যাটিক প্রোস্টেট ক্যানসারে কেমোথেরাপিও ব্যবহার করা হয়। ডোসেট্যাক্সেল একটি প্রচলিত কেমোথেরাপি ওষুধ। কিছু ক্ষেত্রে ডোসেট্যাক্সেল কাজ না করলে বা কার্যকারিতা কমে গেলে ক্যাবাজিট্যাক্সেল ব্যবহার করা হতে পারে। কেমোথেরাপির সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে ক্লান্তি, ক্ষুধামন্দা, হাত-পায়ে ঝিনঝিনি বা অসাড়তা এবং রক্তের বিভিন্ন কোষের মাত্রা কমে যাওয়ার মতো সমস্যা থাকতে পারে।
প্রোস্টেট ক্যানসারে ইমিউনোথেরাপি সাধারণত সীমিতসংখ্যক রোগীর ক্ষেত্রে বিবেচনা করা হয়। বিশেষ ধরনের জেনেটিক বৈশিষ্ট্য থাকলে কিছু রোগী এতে উপকৃত হতে পারেন।বিশেষ করে MSI-H বা dMMR ধরনের বৈশিষ্ট্য থাকা কিছু টিউমার ইমিউনোথেরাপিতে সাড়া দিতে পারে। এ ক্ষেত্রে ইমিউন চেকপয়েন্ট ইনহিবিটর ব্যবহার করা হতে পারে।ইমিউনোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় ত্বকে র্যাশ বা চুলকানি, ক্লান্তি, কাঁপুনি, ডায়রিয়া এবং জয়েন্টে ব্যথা হতে পারে। কিছু ক্ষেত্রে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গেও গুরুতর প্রদাহজনিত সমস্যা দেখা দিতে পারে।
প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা সবার জন্য একই নয়। ক্যানসারের পর্যায়, রোগীর শারীরিক অবস্থা এবং টিউমারের জেনেটিক বৈশিষ্ট্য বিবেচনা করে চিকিৎসা পরিকল্পনা করা হয়।বিশেষ করে উন্নত বা পুনরায় ফিরে আসা প্রোস্টেট ক্যানসারে জেনেটিক ও জিনোমিক পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট চিকিৎসার সম্ভাব্য উপযোগিতা সম্পর্কে চিকিৎসকেরা ধারণা পেতে পারেন।
সতর্কতা: প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা রোগীভেদে ভিন্ন হতে পারে। এখানে উল্লেখিত কোনো ওষুধ বা চিকিৎসা পদ্ধতি চিকিৎসকের পরামর্শ ছাড়া শুরু, বন্ধ বা পরিবর্তন করা উচিত নয়। উপসর্গ বা পরীক্ষার ফল থাকলে ইউরোলজিস্ট বা ক্যানসার বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।