উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাইবার সিকিউরিটি আইনের সংশোধনী কোনোভাবেই যাতে নিপীড়নমূলক আইনে পরিণত না হয় এবং এর অপপ্রয়োগ না ঘটে, সে লক্ষ্যে সর্বস্তরের অংশীজন ও বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবাদমাধ্যমকে লক্ষ্য করে এই আইন করা হচ্ছে না। কোনো সাংবাদিক যাতে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত বা আইনের শিকার না হন, সে বিষয়েও সরকার সতর্ক রয়েছে। সচিবালয়ে সাইবার সিকিউরিটি আইনের সংশোধন নিয়ে গণমাধ্যমের সম্পাদক ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মন্ত্রিসভায় সংশোধনীর খসড়া নিয়ে আলোচনার পর সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়। এর অংশ হিসেবে ওয়েবসাইটে খসড়া প্রকাশ করে নাগরিক সমাজ, মানবাধিকার সংগঠন, শিক্ষার্থী ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে। এর পাশাপাশি প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক ও প্রতিনিধিদের সঙ্গেও ধারাবাহিকভাবে পরামর্শ সভা করা হচ্ছে।
সাংবাদিক ও গণমাধ্যমের সুরক্ষায় বৈঠকে নেওয়া সিদ্ধান্তের কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া বা তাকে গ্রেপ্তারের আগে আদালতের পূর্বানুমতি নেওয়ার যে প্রস্তাব এসেছে, সেটিকে গ্রহণযোগ্য মনে করে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, গণমাধ্যম ও সাইবার বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হবে। এই প্যানেল সংশোধনীর বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করে মতামত দেবে। তথ্য মন্ত্রণালয়, আইসিটি বিভাগ, সম্পাদক পরিষদ ও ইলেকট্রনিক মিডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সমন্বয়ে এ কার্যক্রম পরিচালিত হবে। পিআইওকে এর ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়ার কথা জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ৭ থেকে ১৫ দিনের মধ্যে বিশেষজ্ঞ প্যানেল সুনির্দিষ্ট সুপারিশ দেবে।
আইনি নিষ্পত্তিতে কেউ যাতে অনির্দিষ্টকাল ঝুলে না থাকেন, সে জন্য আপিল নিষ্পত্তির ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রস্তাবিত সুপারিশগুলো অন্তর্ভুক্ত করার পর খসড়াটি মন্ত্রিসভায় পাঠানোর আগে আবারও ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরে মন্ত্রিসভার অনুমোদন পেলে এটি সংসদে উপস্থাপন করা হবে। সংসদে সরকারি ও বিরোধী দলের বিস্তারিত আলোচনা এবং সংসদের বাইরে সেমিনার ও সিম্পোজিয়ামে পাওয়া মতামতের ভিত্তিতে আইনটি আরও পরিমার্জন করা হবে বলেও জানান তিনি। আইনটি কোনো তাড়াহুড়ো করে পাস করা হবে না বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার স্পেস ব্যবহার করে অপরাধের বিস্তার ঠেকানো, তরুণ সমাজকে সুরক্ষা দেওয়া এবং পারিবারিক ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখাই এই আইনের প্রধান উদ্দেশ্য। দেশীয় সংস্কৃতি ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখেই চূড়ান্ত আইন প্রণয়ন করা হবে বলে জানান তিনি।