উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এবার মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর পুনর্মূল্যায়নে অসংখ্য শিক্ষার্থী পাস করেছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তাঁর মতে, খাতা দেখায় অবহেলার কারণেই যোগ্য শিক্ষার্থীদের কেউ কেউ ফেল করেছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। এহছানুল হক মিলন বলেন, যারা পাস করার মতো যোগ্য শিক্ষার্থীদের ফেল করিয়েছেন, তাদের চিহ্নিত করা হয়েছে। এসব শিক্ষকের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সংশ্লিষ্ট শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। শিগগির এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
শিক্ষকদের বদলি নিয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর মাধ্যমেও অনলাইনে বদলির ব্যবস্থা করা হচ্ছে। তবে যেসব শিক্ষককে রিপ্লেসমেন্ট করতে হবে এবং যারা অ্যাটাচমেন্টে রয়েছেন, সেসব বিষয়ও নিষ্পত্তি করতে হবে বলে জানান তিনি। বদলির ফাইল নিয়ে এনটিআরসিএ কাজ করছে এবং শিগগিরই এ প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে এখনো ৮১৭ জনের তথ্য যাচাই-বাছাই বাকি রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এসব প্রার্থীর ঠিকানা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য যাচাই করা হচ্ছে এবং এ প্রক্রিয়া ১ অক্টোবর পর্যন্ত চলবে। মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় প্রায় ১০ লাখ ৬৯ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। নিয়োগপ্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে কাজ শুরু করার পর চূড়ান্ত আবেদন পাওয়া যায় ৩৩ হাজার ৮৫৪ জনের। ভেরিফিকেশনের সময় অনেক প্রার্থীর ঠিকানা পরিবর্তনের বিষয়টি সামনে এসেছে জানিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে তাদের তথ্য যাচাই করা হচ্ছে। যাদের নিয়োগ এখনো হয়নি, তাদের বিষয়গুলো পর্যবেক্ষণ ও পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও নিয়োগপত্র না পাওয়া ৮১৭ জনের বিষয়ে ১ অক্টোবর পর্যন্ত যাচাই-বাছাই চলবে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।