উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কয়েক দশক আগে নিউইয়র্ক পুলিশ বিভাগে বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তার সংখ্যা ছিল হাতে গোনা। সময়ের সঙ্গে সেই চিত্র বদলেছে। বর্তমানে নিউইয়র্ক পুলিশের প্রায় ৩৩ হাজার ইউনিফর্মধারী সদস্যের মধ্যে এক হাজারের বেশি বাংলাদেশি-আমেরিকান কর্মকর্তা কাজ করছেন বলে সংশ্লিষ্টদের তথ্য। পাশাপাশি বিভাগের বেসামরিক কর্মীদের মধ্যেও বাংলাদেশি বংশোদ্ভূত প্রায় ১ হাজার ৫০০ মানুষ রয়েছেন। নিউইয়র্কে বাংলাদেশি অভিবাসী সম্প্রদায়ের আকার বাড়ার সঙ্গে সঙ্গে পুলিশ বিভাগেও তাঁদের উপস্থিতি বিস্তৃত হয়েছে। বাংলাদেশি-আমেরিকান পুলিশ কর্মকর্তাদের সংগঠনের সদস্যদের ভাষ্য, সক্রিয় নিয়োগ, নতুন অভিবাসীদের উৎসাহিত করা এবং পুলিশের বেসামরিক পদ থেকে পরবর্তী সময়ে ইউনিফর্মধারী কর্মকর্তা হওয়ার সুযোগ এই সংখ্যা বাড়াতে ভূমিকা রেখেছে। বাংলাদেশি-আমেরিকান পুলিশ কর্মকর্তাদের সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা শামসুল হক ২০০৪ সালে নিউইয়র্ক পুলিশে যোগ দেওয়ার সময় বাংলাদেশি কর্মকর্তার সংখ্যা খুবই কম ছিল। তাঁর মতে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর বাংলাদেশি ও মুসলিম সম্প্রদায়ের কিছু তরুণের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীতে যোগ দেওয়ার আগ্রহ বাড়ে। ১৯৯১ সালে যুক্তরাষ্ট্রে অভিবাসন করেন শামসুল হক। বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন পড়ার পর বেসরকারি খাতে ক্যারিয়ার গড়ার সুযোগ থাকলেও ৯/১১ হামলার পর তিনি পুলিশ একাডেমিতে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন। শুরুতে পরিবারের সদস্যরা তাঁর সিদ্ধান্ত নিয়ে সংশয়ে ছিলেন বলে জানান তিনি।
নিউইয়র্ক পুলিশ বিভাগে বাংলাদেশিদের প্রবেশের একটি পথ তৈরি হয় বেসামরিক পদগুলোর মাধ্যমে। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব না থাকলেও পুলিশের কিছু বেসামরিক পদে কাজের সুযোগ থাকায় নতুন অভিবাসীদের ট্রাফিক নিয়ন্ত্রণ, স্কুল নিরাপত্তা কিংবা জরুরি সেবা নম্বরের অপারেটর হিসেবে বিভাগে যোগ দিতে উৎসাহিত করা হয়। পরবর্তী সময়ে নাগরিকত্ব পাওয়ার পর এসব কর্মী পুলিশ একাডেমিতে আবেদন করে ইউনিফর্মধারী কর্মকর্তা হওয়ার সুযোগ পান। শামসুল হকের হিসাব অনুযায়ী, নিউইয়র্ক পুলিশের বাংলাদেশি বংশোদ্ভূত ইউনিফর্মধারী কর্মকর্তাদের প্রায় ৬০ শতাংশ এই পথ অনুসরণ করেছেন। এই প্রক্রিয়ায় নতুন অভিবাসীরা প্রথমে পুলিশ বিভাগের কর্মপরিবেশ ও দায়িত্ব সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। পরে নাগরিকত্ব পাওয়ার পর তাঁদের জন্য ইউনিফর্মধারী কর্মকর্তা হিসেবে যোগ দেওয়ার পথ তৈরি হয়।
সংখ্যা বাড়ার পাশাপাশি বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তারা নিউইয়র্ক পুলিশের বিভিন্ন পদেও দায়িত্ব পালন করছেন। বাংলাদেশি-আমেরিকান পুলিশ কর্মকর্তাদের সংগঠনের বর্তমান সভাপতি সার্জেন্ট এরশাদুর সিদ্দিকের তথ্য অনুযায়ী, বিভাগে বাংলাদেশি বংশোদ্ভূত ১০ জন গোয়েন্দা, ৮২ জন সার্জেন্ট, ২০ জন লেফটেন্যান্ট এবং চারজন ইন্সপেক্টর রয়েছেন। নেতৃত্বের পর্যায়েও বাংলাদেশি কর্মকর্তাদের উপস্থিতি দেখা গেছে। চলতি বছরের শুরুতে অবসর নেওয়ার আগে শামসুল হক নিউইয়র্ক পুলিশের প্রথম দক্ষিণ এশীয় ও প্রথম মুসলিম লেফটেন্যান্ট কমান্ডার পদে দায়িত্ব পালন করেন বলে সংশ্লিষ্ট সংগঠন জানিয়েছে।
বাংলাদেশি কর্মকর্তাদের উপস্থিতি নতুন প্রজন্মের মধ্যেও পুলিশে ক্যারিয়ার গড়ার আগ্রহ তৈরি করছে বলে সংশ্লিষ্টরা জানান। নিউইয়র্ক পুলিশের বাংলাদেশি কর্মকর্তারা বিভিন্ন সময়ে নিজেদের সম্প্রদায়ের মধ্যে গিয়ে তরুণ ও নতুন অভিবাসীদের পুলিশে চাকরির সুযোগ সম্পর্কে জানান এবং তাঁদের এই পেশায় আসতে উৎসাহিত করেন। নিউইয়র্ক পুলিশের জনবল কাঠামোতেও বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব রয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, ইউনিফর্মধারী সদস্যদের প্রায় ৩৮ শতাংশ শ্বেতাঙ্গ, ৩৩ শতাংশ হিস্পানিক, ১৭ শতাংশ কৃষ্ণাঙ্গ এবং প্রায় ১২ শতাংশ এশীয়। কয়েক দশক আগে যেখানে নিউইয়র্ক পুলিশে বাংলাদেশি কর্মকর্তার উপস্থিতি ছিল সীমিত, সেখানে বর্তমানে এক হাজারের বেশি বাংলাদেশি-আমেরিকান ইউনিফর্মধারী সদস্যের উপস্থিতি নিউইয়র্কের বাংলাদেশি অভিবাসী সম্প্রদায়ের পেশাগত পরিবর্তনের একটি উল্লেখযোগ্য দিক হিসেবে উঠে এসেছে।