উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পূর্বাঞ্চলীয় একুরহুলেনি এলাকায় আরও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে গত জুলাই থেকে ওই এলাকায় উদ্ধার হওয়া নারীদের মরদেহের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১টিতে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকার পুলিশ এ তথ্য জানিয়েছে। পুলিশ জানায়, একুরহুলেনির স্প্রিংস এলাকায় রোববার একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের টহল দল সর্বশেষ নারীর মরদেহটি দেখতে পায়। জুলাই ও আগস্টে একুরহুলেনি পৌর এলাকায় প্রায় সাত কিলোমিটারের মধ্যে তিন নারীর মরদেহ উদ্ধারের পর পুলিশ তদন্ত শুরু করে। চলতি মাসের শুরুতে মাত্র ১০ দিনের ব্যবধানে আরও ছয়টি মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
একই এলাকায় ধারাবাহিকভাবে নারীদের মরদেহ উদ্ধারের ঘটনায় একজন বা একাধিক সিরিয়াল কিলার জড়িত থাকার আশঙ্কা তৈরি হয়েছে। তবে এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা পুলিশ এখনো নিশ্চিত করেনি। সর্বশেষ মরদেহ উদ্ধারের এক দিন আগে, তেম্বিসা টাউনশিপের কাছে আরও এক নারীর মরদেহ পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, ওই নারীকে সহিংসভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। ওই ঘটনায় ৩৬ বছর বয়সী এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, হত্যাকাণ্ডের পর সন্দেহভাজন ব্যক্তি লিম্পোপো প্রদেশের তজানেনে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরের ওই এলাকা থেকে শনিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার তেম্বিসা ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করার কথা রয়েছে। এদিকে, জুলাই থেকে একুরহুলেনি এলাকায় উদ্ধার হওয়া নারীদের একজনের মৃত্যুর ঘটনায় গত সপ্তাহে দুই নারীকে আদালতে হাজির করা হয়। আগামী ১ অক্টোবর তাঁদের আবার আদালতে হাজির করার কথা রয়েছে। দক্ষিণ আফ্রিকায় নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা এবং হত্যাকাণ্ডের উচ্চ হার রয়েছে। একুরহুলেনিতে ধারাবাহিকভাবে নারীদের মরদেহ উদ্ধারের ঘটনায় দেশটিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত উদ্ধার হওয়া ১১টি মরদেহের ঘটনাই একই ব্যক্তি বা গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত—এমন কোনো নিশ্চিত তথ্য পুলিশ প্রকাশ করেনি। ঘটনাগুলোর তদন্ত চলছে।