উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে একটি বাজারের কাছে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২৮ সেপ্টেম্বর রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে ওই হামলা চালানো হয়। সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) দাবি, সামরিক বাহিনী একাধিকবার বিমান হামলা চালালে এসব হতাহতের ঘটনা ঘটে। এলাকাটিতে কার্যক্রম পরিচালনাকারী একটি ত্রাণকর্মী দলের সদস্য ওয়াই হুন অংও হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাখাইন রাজ্যের উত্তরে নদীর তীরে অবস্থিত কিয়াউকতাও শহরটি সংঘর্ষস্থল থেকে বেশ দূরে। তাঁর দাবি, হামলার শিকার এলাকাটির চলমান সংঘাতের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক নেই। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। আরাকান আর্মিসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী দেশটির বিভিন্ন এলাকায় সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। তবে রয়টার্স জানিয়েছে, বিমান হামলা ও হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে মন্তব্যের জন্য মিয়ানমার সরকারের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।
এর আগে মিয়ানমার সরকার দাবি করেছে, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে দেশটির সামরিক বাহিনী সর্বোচ্চ সংযম প্রদর্শন করে। আরাকান আর্মি ও স্থানীয় ত্রাণকর্মীর ভাষ্য অনুযায়ী, কিয়াউকতাওয়ে সাম্প্রতিক এই বিমান হামলা রাখাইন রাজ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি।