উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বেকারত্ব দূরীকরণ এবং দক্ষ জনশক্তিকে সরাসরি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করতে নারায়ণগঞ্জে দিনব্যাপী অনুষ্ঠিত হলো ‘বিসিক চাকরি মেলা ২০২৬’। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে আয়োজিত এই মেলায় প্রথমবারের মতো এক ছাদের নিচে মিলিত হন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতারা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিসিক চেয়ারম্যান বেনজির আহমেদ টিটো বলেন, “দেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠানের পথচলা বিসিকের হাত ধরেই শুরু হয়েছিল। গ্রামীণ অর্থনীতিকে জাতীয় অর্থনীতির সঙ্গে যুক্ত করাই বিসিকের অন্যতম লক্ষ্য।”
তরুণ সমাজকে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, কেবল চাকরিপ্রার্থী না হয়ে অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। নতুন উদ্যোক্তা তৈরিতে বিসিকের সহায়তা অব্যাহত রয়েছে এবং সহজ শর্তে অতিক্ষুদ্র ঋণ প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে বিকেএমইএ-র সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব এবং বিকেএমইএ-র সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল বক্তব্য রাখেন।
আয়োজকরা জানান, মেলায় চাকরিপ্রার্থীরা সরাসরি আবেদন জমা দেওয়ার পাশাপাশি ভাইভায় অংশ নেওয়ার সুযোগ পান, যা তরুণদের জন্য কাজের প্রক্রিয়াকে অনেক সহজ ও স্বচ্ছ করেছে।