উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রোহিঙ্গা নাগরিককে ভুয়া তথ্যে বাংলাদেশের নাগরিকত্ব সনদ দেওয়ার অপরাধে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ১ নম্বর ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. লিয়াকত আলীকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. বিপাশা হোসাইন। এর আগে গত ২৩ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপসচিব বিষ্ণুপদ পাল।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্যানেল চেয়ারম্যান মো. লিয়াকত আলী বাংলাদেশের নাগরিক না হওয়া সত্ত্বেও মোছা. রোকেয়া বেগম নামে এক রোহিঙ্গা নারীকে নাগরিকত্ব সনদ দেন। তদন্তে এ অপরাধ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ৩৪ (৪)-এর (খ) ও (ঘ) ধারায় গঠিত অপরাধের প্রেক্ষিতে এবং ধারা ৩৪ (৬) অনুযায়ী তাকে পদ থেকে অপসারণ করা হয়। উল্লেখ্য, ২০২৫ সালের আগস্টে রোকেয়া বেগম ও তার স্বামী মো. আনিস ভুয়া কাগজপত্র দেখিয়ে ভোটার হওয়ার চেষ্টা করলে নির্বাচন কর্মকর্তাদের সন্দেহের মুখে পড়েন। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, তারা কক্সবাজারের উখিয়া টেংখালী ক্যাম্প-১২ (জি-৪) এর তালিকাভুক্ত রোহিঙ্গা শরণার্থী। এ ঘটনার পর ২০২৫ সালের ২০ অক্টোবর লিয়াকত আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। জবাব সন্তোষজনক না হওয়ায় চূড়ান্তভাবে তাকে অপসারণ করা হলো।
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. বিপাশা হোসাইন জানান, উচ্চ আদালত থেকে প্যানেল চেয়ারম্যানের পদ বহালের বিষয়ে চার মাসের একটি সময় বাড়ানোর আদেশ এসেছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের কাছে বিস্তারিত জানিয়ে চিঠি পাঠানো হচ্ছে। তবে মন্ত্রণালয়ের নতুন নির্দেশ না পাওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করতে পারবেন না।