উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে ও বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের পাসপোর্ট হারানো, চুরি ও নষ্ট হওয়ার ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ছয় মাসে হারানো পাসপোর্টের জন্য ১ লাখ ৭ হাজার ৩০০টি পুনঃইস্যুর আবেদন এসেছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরে। গড়ে প্রতিদিন প্রায় ৬০০টি এবং প্রতি মাসে ১৭ হাজার ৮৮৫টি হারানো পাসপোর্টের আবেদন জমা পড়ছে। এতে নতুন আবেদনের পাশাপাশি এসব পুনঃইস্যুর আবেদন সামলাতে হিমশিম খাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা, একই সঙ্গে অপচয় হচ্ছে সরকারি অর্থ।
পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পাসপোর্ট হারানোর পেছনে প্রধানত তিনটি কারণ রয়েছে—ভিসা এজেন্সির কাছে জমা দিয়ে তা ফেরত না পাওয়া, বিদেশে গিয়ে নিয়োগকারী বা এজেন্সির কাছে পাসপোর্ট আটকে থাকা এবং অবৈধ উপায়ে বিদেশে গিয়ে নিজ পাসপোর্ট থাকা সত্ত্বেও বা নষ্ট করে নতুন আবেদনের চেষ্টা করা।
এই প্রবণতা ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ২১ সেপ্টেম্বর একটি প্রজ্ঞাপন জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী, প্রথমবার পাসপোর্ট হারালে অতিরিক্ত কোনো ফি দিতে হবে না। তবে দ্বিতীয়বার হারালে নির্ধারিত ফির সঙ্গে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।
পাসপোর্ট হারালে অবিলম্বে অধিদপ্তরের ওয়েবসাইটে রিপোর্ট করার পাশাপাশি নিকটস্থ থানায় জিডি করতে হবে। থানা ৭২ ঘণ্টার মধ্যে জিডির সত্যতা যাচাই করে রিপোর্ট পাঠাবে। পাসপোর্ট পুনঃইস্যু করা হলে নতুন পাসপোর্টের ডাটাপেজে ‘প্রিভিয়াস পাসপোর্ট ইজ রিপোর্টেড টু বি লস্ট’ লেখা থাকবে। এছাড়া পুনঃইস্যুর সময় নাম, মা-বাবার নাম বা জন্মতারিখের মতো মৌলিক তথ্য পরিবর্তন করা যাবে না।
পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন) এ টি এম আবু আসাদ জানান, অতিরিক্ত জরিমানা আদায়ের উদ্দেশ্য শাস্তি নয়, বরং নাগরিকদের পাসপোর্ট সংরক্ষণে সচেতন করা।