উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানি চুক্তি নিয়ে আলোচনা দুই দেশের যৌথ নদী কমিশনেই হবে বলে জানিয়েছে ভারত। একই সঙ্গে চুক্তিটি নিয়ে দুই দেশের কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের এক মন্ত্রী সম্প্রতি গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নের পরিবর্তে নতুন করে পর্যালোচনার কথা বলেছেন। এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে জয়সওয়াল বলেন, গঙ্গাসহ দুই দেশের অভিন্ন নদীগুলোর পানি নিয়ে আলোচনার জন্য যৌথ নদী কমিশন রয়েছে। নদীসংক্রান্ত সব বিষয় ওই কমিশনেই আলোচনা করা হবে।
তিনি বলেন, গঙ্গা পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হচ্ছে। এদিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাম্প্রতিক ঢাকা সফর নিয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, এ বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই।