উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশসহ ২০টি দেশ থেকে আমদানি করা বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানের ওপর ১০০ শতাংশ শুল্ক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় ফেডারেল রেজিস্টারে এ-সংক্রান্ত ২০ দেশের তালিকা প্রকাশ করেছে। মঙ্গলবার থেকে তালিকার বাইরে থাকা দেশগুলোর নির্দিষ্ট ওষুধ ও ওষুধের উপাদান যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে ১০০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। বাংলাদেশ ছাড়া শুল্ক ছাড় পাওয়া অন্য দেশগুলো হলো—ভারত, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়ন, গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, নর্থ মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও ভিয়েতনাম। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে এসব দেশের বর্তমান বা আসন্ন বাণিজ্য ও নিরাপত্তা কাঠামোসংক্রান্ত চুক্তি থাকায় তাদের এ সুবিধা দেওয়া হয়েছে।
শুল্ক ছাড়ের আওতায় রয়েছে বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন ওষুধ, বন্ধ্যত্বের চিকিৎসার ওষুধ, সেল থেরাপি, জিন থেরাপি, অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেটস (এডিসি) এবং প্রাণীর চিকিৎসায় ব্যবহৃত ওষুধ। এসব ওষুধের সংশ্লিষ্ট উপাদানও শূন্য শুল্কের আওতায় থাকবে। এর আগে গত ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রেড এক্সপ্যানশন অ্যাক্টের ২৩২ ধারার আওতায় ওষুধ ও ওষুধের উপাদান আমদানিতে শুল্ক সমন্বয়ের নির্দেশ দেন। পরে নির্দিষ্ট পেটেন্ট করা ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হয়।
মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের নোটিশ অনুযায়ী, জেনেরিক ওষুধ ও সংশ্লিষ্ট উপাদান এ শুল্কের আওতাভুক্ত নয়। নোটিশে জেনেরিক ফার্মাসিউটিক্যাল পণ্যের সংজ্ঞাতেও কিছু কারিগরি সংশোধন আনা হয়েছে।
এ ছাড়া ‘ফার্মাসিউটিক্যাল আর্টিকেলস’-এর আওতায় প্রস্তুত ওষুধ, সক্রিয় ফার্মাসিউটিক্যাল উপাদান (এপিআই) এবং এসব উপাদান তৈরির গুরুত্বপূর্ণ প্রাথমিক কাঁচামাল অন্তর্ভুক্ত থাকবে বলে স্পষ্ট করা হয়েছে।