উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কক্সবাজারে জমির নামজারি করে দেওয়ার বিনিময়ে ঘুষ হিসেবে ৯ শতক জমি নেওয়ার অভিযোগে সাবেক সহকারী কমিশনার (ভূমি) ও বর্তমান উপসচিব পঙ্কজ বড়ুয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
মামলার অন্য আসামিরা হলেন কক্সবাজার সদর ইউনিয়ন ভূমি অফিসের সাবেক উপসহকারী কর্মকর্তা সৈয়দ নূর, সাবেক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল হোসেনের শ্যালক মফিজুর রহমান, সৈয়দ নূরের শ্যালক ইফতেখারুল হাসান এবং পঙ্কজ বড়ুয়ার দাদিশাশুড়ি দীপিকা বড়ুয়া।
তবে অভিযোগসংশ্লিষ্ট সাবেক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল হোসেন ২০২৪ সালের ১ অক্টোবর মারা যাওয়ায় তাঁকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দুদকের অনুসন্ধান অনুযায়ী, আদালতের ডিক্রি পাওয়ার পর কক্সবাজার মৌজার ৩০ শতক জমির নামজারি খতিয়ান করতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন জমির মালিক। অভিযোগ রয়েছে, নামজারি করে দেওয়ার বিনিময়ে তাঁর কাছে জমি দাবি করা হয়।
এরপর ২০১৭ সালের ৩০ এপ্রিল একটি অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিলের মাধ্যমে মোট ৯ শতক জমি রেজিস্ট্রি করে দেওয়া হয়।
দুদকের অনুসন্ধানে বলা হয়েছে, এর মধ্যে আবুল হোসেনের পক্ষে তাঁর শ্যালক মফিজুর রহমানের নামে ৩ শতক, সৈয়দ নূরের পক্ষে তাঁর শ্যালক ইফতেখারুল হাসানের নামে ৩ শতক এবং তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) পঙ্কজ বড়ুয়ার পক্ষে তাঁর দাদিশাশুড়ি দীপিকা বড়ুয়ার নামে ৩ শতক জমি রেজিস্ট্রি করা হয়।
দুদকের অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর দণ্ডবিধির ১৬১, ১৬২ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।
মামলা অনুমোদনের খবর প্রকাশের পর পঙ্কজ বড়ুয়া একটি সংবাদমাধ্যমকে বলেন, তিনি বিষয়টি জানেন না।