উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে পলাতক ব্যাংক কর্মকর্তা মো. শরিফুজ্জামান সোহাগকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শরিফুজ্জামান সোহাগ শ্রীনগর অগ্রণী ব্যাংক শাখায় অফিসার-ক্যাশ পদে কর্মরত ছিলেন। অভিযোগ রয়েছে, ব্যাংকের জমা স্লিপ ব্যবহার করে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে টাকা গ্রহণের পর ওই অর্থ আত্মসাৎ করেন তিনি।
ঘটনাটি জানাজানি হওয়ার পর কয়েক দিন ধরে ব্যাংকটির সামনে ভুক্তভোগী গ্রাহকদের ভিড় ও বিক্ষোভ দেখা যায়। টাকা ফেরত পাওয়ার দাবিতে ব্যাংক কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও দেন তারা।
ব্যাংক সূত্রে জানা গেছে, দুই দিনে ২৩০ জন গ্রাহক লিখিত অভিযোগ করেছেন। এর মধ্যে রোববার ১৮৪ জন এবং সোমবার আরও ৪৬ জন অভিযোগ দেন।
অভিযোগকারীদের দাবি অনুযায়ী, তাদের পাওনা অর্থের পরিমাণ সর্বনিম্ন ১ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৮৪ লাখ টাকা পর্যন্ত। অভিযোগের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্টদের ধারণা, মোট অর্থের পরিমাণ ২৫ কোটি টাকার বেশি হতে পারে।
ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, তারা শরিফুজ্জামানের সঙ্গে ব্যক্তিগতভাবে নয়, অগ্রণী ব্যাংকের মাধ্যমেই লেনদেন করেছেন। ব্যাংকের নির্ধারিত জমা স্লিপ ব্যবহার করেই তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ব্যাংক শাখায় এ ধরনের লেনদেন চললেও বিষয়টি কর্তৃপক্ষের নজরে এল না কেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ব্যাংকের অপর কর্মকর্তা জিন্নাহ হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অর্থ আত্মসাতের ঘটনায় ব্যাংকের আরও কেউ জড়িত কি না এবং প্রকৃতপক্ষে কত টাকা আত্মসাৎ হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান জানিয়েছিলেন, শরিফুজ্জামান সোহাগকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, সে জন্য বিমানবন্দর ইমিগ্রেশনেও বার্তা পাঠানো হয়েছিল।
অগ্রণী ব্যাংকের মুন্সীগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার সৌরভ জমাদ্দার জানান, গ্রাহকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যাংকের প্রধান কার্যালয়ের একটি দল বিষয়টি নিয়ে কাজ করছে। গ্রাহকেরা যাতে তাদের টাকা ফেরত পান, সে বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে ঘটনাটি দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে বলেও জানান তিনি।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার শরিফুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করে অর্থ আত্মসাতের ঘটনায় তার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা জানার চেষ্টা করা হবে।