উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় সংসদের স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমদের এপিএস আকবর হোসেন সবুজকে নিয়ে দুটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। লালমোহন উপজেলার সচেতন মহল, সুশীল সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই প্রতিবেদনগুলোকে ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম ফিরোজ জানিয়েছেন, কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়াই মনগড়া ঘটনার সঙ্গে সম্পৃক্ত করে সবুজের মানহানি ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।
লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কুন্তলা সিকাদার বলেন, আকবর হোসেন সবুজ দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করে আসছেন। তাকে নিয়ে কোনো অভিযোগ থাকলে তা যথাযথভাবে যাচাই-বাছাই করে তবেই সংবাদ প্রকাশ করা উচিত ছিল। ভোলা-৩ অর্থাৎ লালমোহন ও তজুমদ্দিন এলাকার সাধারণ মানুষ, সামাজিক সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় মহল বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
এপিএস আকবর হোসেন সবুজ নিজের বিরুদ্ধে ওঠা অপপ্রচারের বিষয়ে জানান, মাদক, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে স্পিকার মহোদয়ের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করায় একটি চক্র এই অপপ্রচার চালাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, সংসদ সচিবালয়ে দেওয়া কিছু পেপার কার্ডের বিষয়গুলোকে বর্তমান সময়ের সঙ্গে মিলিয়ে উপস্থাপন করা হয়েছে, যা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের আমলের ঘটনা।