উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চাঁদপুরের ফরিদগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা ও মিছিল করার অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৩৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। পুলিশের দাবি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এই নেতা-কর্মীরা জননিরাপত্তা বিঘ্নিত ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছিলেন। সোমবার দিবাগত রাতে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হেলাল খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৩৩ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বুধবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৮ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আসামিরা জড়ো হয়ে কেক কেটে জন্মদিন উদ্যাপন এবং সরকারবিরোধী মিছিল ও স্লোগান দেন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। আসামিরা পরস্পর যোগসাজশে দেশবিরোধী প্রচারণা এবং রাষ্ট্রীয় অখণ্ডতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার প্রধান আসামি করা হয়েছে বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদকে। পুলিশ ঘটনার রাতেই তাঁকে গ্রেপ্তার করে এবং পরদিন সকালে চাঁদপুর আদালতে সোপর্দ করে। এই মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক ফরিদগঞ্জ পৌর মেয়র মো. মাহফুজুল হক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খাজে আহমেদ মজমুদার। এ ছাড়াও বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যান, সাবেক জেলা পরিষদ সদস্য এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা এই মামলার আসামি।
ওসি মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, অবৈধভাবে জনসমাবেশ ঘটিয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চক্রান্তের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি রুজু করা হয়েছে। প্রধান আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তার করার জন্য পুলিশের পক্ষ থেকে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।