উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির কারণ নিয়ে সদুত্তর না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করে ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) ব্যারিস্টার ড. নাজিবুর রহমান মোমেন। মঙ্গলবার দেওয়া ওই পোস্টে তিনি জানান, কমিটির সদস্য হিসেবে তাঁর উত্থাপিত অনেক প্রশ্নেরই সুনির্দিষ্ট ও সন্তোষজনক উত্তর দিতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পোস্টে নাজিবুর রহমান উল্লেখ করেন, সরকারি প্রতিষ্ঠান-সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীনস্থ ৮টি কোম্পানির কার্যক্রম পর্যালোচনার কথা থাকলেও কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ছিল না। বিইআরসি আইন অনুযায়ী গত ১৪ বছরেও প্রবিধান প্রণয়ন করা হয়নি কেন এবং জ্বালানি তেলের মজুত ৩০ দিনের কম কেন—এমন প্রশ্নেরও কোনো সদুত্তর মেলেনি বলে জানান তিনি।
তিনি আরও লেখেন, দেশে দুই মাসের বেশি জ্বালানি তেল মজুত রাখার সক্ষমতা থাকলেও কেন এক মাসের তেলও মজুত নেই, তার ব্যাখ্যায় কর্মকর্তারা অনুমাননির্ভর তথ্য দিয়েছেন। দাম বাড়ানোর পর রাতারাতি সংকট উধাও হয়ে যাওয়ার বিষয়ে কমিটির চেয়ারম্যান মন্তব্য করেন যে মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছিল, যার সুনির্দিষ্ট কোনো জবাব কর্মকর্তারা দিতে পারেননি।
পোস্টের শেষাংশে জামায়াত এই সংসদ সদস্য মন্তব্য করেন, প্রশাসনের একটি অংশ এখনো ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করছে এবং বিপ্লব-পরবর্তী রাষ্ট্রব্যবস্থাকে বিতর্কিত করার চেষ্টা করছে। সংকটের প্রকৃত কারণ ও দায় কার, সে বিষয়ে সুস্পষ্ট উত্তর না মিললে জনগণের আস্থা তৈরি হবে না বলে তিনি মত প্রকাশ করেন।