উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাবনা শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড় এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৫ জন নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে একটি মাইক্রোবাসে এসে তারা শহরে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতদের মধ্যে সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবও রয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং প্রাথমিকভাবে জানা যায় যে তারা শহরে নাশকতার পরিকল্পনা করছিলেন।
আটক আব্দুল ওহাব ছাড়া বাকিদের তাৎক্ষণিক নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। ইতোমধ্যে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া নিশ্চিত করতে তাদের পাবনা সদর থানায় পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্টের পর থেকে এ নিয়ে মোট তিনবার পুলিশের হাতে আটক হলেন আব্দুল ওহাব। এর আগে গত ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি এবং পরবর্তীতে ৫ ফেব্রুয়ারি তাকে সুজানগর থেকে গ্রেপ্তার করা হয়েছিল।