উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিসা দূষণ কমাতে চলমান দুটি প্রকল্পের অগ্রগতি ও পরবর্তী কার্যক্রম নিয়ে পরিবেশ অধিদপ্তরের স্টিয়ারিং কমিটির (PSC) ৫ম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তরের সম্মেলন কক্ষে অধিদপ্তর ও পিওর আর্থ বাংলাদেশের যৌথ উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের সভাপতিত্বে সভায় অধিদপ্তরের পরিচালক ও উপপরিচালকসহ পিএসসির ১৫ সদস্য অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান।
সভায় ‘ক্যাপাসিটি বিল্ডিং ফর দ্য রিডাকশন অব লেড কনটামিনেশন ইন বাংলাদেশ–FFEM’ এবং ‘স্কেলিং কান্ট্রি অ্যাকশন অন লেড এক্সপোজার–SCALE’ প্রকল্পের অগ্রগতি ও পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা হয়। আলোচনায় সম্প্রসারিত উৎপাদক দায়িত্ব (EPR) নির্দেশিকা তৈরিতে পরামর্শক নির্বাচন, বাংলাদেশ টক্সিক সাইট আইডেন্টিফিকেশন পোর্টাল (TSIP) উন্নয়নের অগ্রগতি, এর কার্যাবলি, বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তরের প্রশাসনিক ভূমিকা ও অনুমোদন প্রক্রিয়া গুরুত্ব পায়। পাশাপাশি অধিদপ্তরের কর্মকর্তাদের প্রশিক্ষণের বিষয়েও আলোচনা করা হয়।
এ ছাড়া জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর থেকে পাওয়া ব্যবহৃত লেড-অ্যাসিড ব্যাটারি (ULAB) অবৈধভাবে রিসাইক্লিংয়ের স্থানগুলোর তথ্য পর্যালোচনা, অগ্রাধিকার নির্ধারণ এবং সেগুলো TSIP-এ অন্তর্ভুক্তির বিষয়ে মতবিনিময় করা হয়। সভায় ইন্টারন্যাশনাল লেড পয়জনিং প্রিভেনশন উইক (ILPPW) ২০২৬ উপলক্ষে পরিকল্পিত কার্যক্রমের সর্বশেষ অগ্রগতিও তুলে ধরা হয়।
উল্লেখ্য, পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে ২০২৫ সালের মার্চে পিওর আর্থ বাংলাদেশ এই স্টিয়ারিং কমিটি গঠন করে। কমিটিটি বাংলাদেশকে সিসামুক্ত করার লক্ষ্যে সরকার, শিল্পখাত ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে কার্যক্রম এগিয়ে নিচ্ছে।