উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকার ও প্রশাসনের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের দুটি গাড়ি ও পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের পর মিরপুর-১০ থেকে মিরপুর-১৪ পর্যন্ত যান চলাচল ব্যাহত হয়। এলাকায় লাঠি হাতে কিছু হকারকে দেখা যায়। পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে।
উচ্ছেদ অভিযান চলাকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়দের কেউ কেউ দাবি করেন। পরে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে সিটি করপোরেশনের দুটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন বলে জানা গেছে। এ সময় একটি ভেকু ভাঙচুর এবং পুলিশের একটি গাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।