উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাবনায় মিছিলের প্রস্তুতি ও নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, শহরে নাশকতার পরিকল্পনার অভিযোগে তারা মাইক্রোবাসযোগে ওই এলাকায় এসেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। আইনগত ব্যবস্থা নিতে তাদের থানায় আনা হয়েছে।
আটকদের মধ্যে আব্দুল ওহাবের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, এর আগে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি মথুরাপুর এলাকা থেকে আব্দুল ওহাবকে আটক করা হয়েছিল। পরে তাকে পুলিশ ভ্যানে তোলার সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ছিনিয়ে নেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এ ঘটনায় আট পুলিশ সদস্য আহত হন বলে পুলিশ দাবি করে। তিন দিন পর ৫ ফেব্রুয়ারি তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।
পরে চলতি বছরের ২৩ এপ্রিল রাতে মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল ওহাবসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২১ নেতাকর্মীকে আটক করা হয়। কয়েক সপ্তাহ পর তারা জামিনে মুক্তি পান।
বুধবারের আটকের ঘটনায় আব্দুল ওহাবকে ৫ আগস্ট-পরবর্তী সময়ে তৃতীয়বার আটক বা গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
মামলা ও অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগকে অভিযোগ হিসেবেই গণ্য করা হবে।