উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাজ্যের অভিবাসন নীতিমালায় 'অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ' ভিসার আওতায় চার ধরনের নিকটাত্মীয়কে স্পনসর করে সে দেশে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। তবে কেবল পারিবারিক সম্পর্কের ভিত্তিতেই এ ভিসা মিলবে না; প্রয়োজন হবে শারীরিক অক্ষমতা ও অর্থনৈতিক নির্ভরশীলতার কড়া প্রমাণ।
যুক্তরাজ্য সরকারের বর্তমান অভিবাসন বিধিমালা অনুযায়ী, স্পনসরের মা বা বাবা, দাদা-দাদি বা নানা-নানি, প্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ে এবং ভাই বা বোন—কেবল এই চার শ্রেণির আত্মীয়দের জন্য আবেদন করা যাবে। ফলে চাচা, মামা, খালা, ফুফু, ভাইপো-ভাগ্নে কিংবা শ্বশুরবাড়ির আত্মীয়রা এ সুবিধার আওতায় আসবেন না।
ভিসা পাওয়ার মূল শর্তাবলি
ঘনিষ্ঠ সম্পর্ক থাকার পাশাপাশি আবেদনকারীকে কয়েকটি জরুরি বিষয় প্রমাণ করতে হবে: ১. দীর্ঘমেয়াদি যত্নের প্রয়োজন: বয়স, দীর্ঘস্থায়ী অসুস্থতা বা শারীরিক প্রতিবন্ধকতার কারণে দৈনন্দিন মৌলিক কাজ সম্পাদনে সার্বক্ষণিক ব্যক্তিগত যত্নের প্রয়োজন।
২. নিজ দেশে চিকিৎসার অপ্রতুলতা: নিজ দেশে ওই মানের যত্ন পাওয়ার সুযোগ নেই অথবা তা বহন করার মতো আর্থিক সামর্থ্য আবেদনকারীর নেই।
৩. স্পনসরের সামর্থ্য: যুক্তরাজ্যে অবস্থানরত স্পনসরকে (ব্রিটিশ বা আইরিশ নাগরিক, যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসকারী অথবা প্রাক-সেটলড ও সুরক্ষা মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি) সরকারি আর্থিক সহায়তা ছাড়াই আত্মীয়ের আবাসন, ভরণপোষণ ও চিকিৎসার যাবতীয় খরচ বহনের সক্ষমতা দেখাতে হবে।
ইংরেজি ভাষা পরীক্ষায় ছাড়
অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসায় আসা আবেদনকারীদের জন্য ইংরেজি ভাষার যোগ্যতা প্রমাণের বাধ্যবাধকতা থেকে ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি শিশু, ৬৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তি এবং শারীরিক বা মানসিক কারণে অক্ষম ব্যক্তিদের ক্ষেত্রেও এ নিয়ম শিথিল থাকবে।
উল্লেখ্য, অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ হিসেবে প্রথমবার যুক্তরাজ্যে যেতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তির নিজ দেশ (যুক্তরাজ্যের বাইরে) থেকেই প্রাথমিক আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।