উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সড়কপথে ফেনী যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে রাজধানী থেকে রওনা হওয়ার পর মহাসড়কের নারায়ণগঞ্জসহ বিভিন্ন পয়েন্টে তাঁকে এক নজর দেখতে ও স্বাগত জানাতে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে ফেনীর পরশুরামের উদ্দেশে রওনা হয় প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের বহর। সকাল থেকেই ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা হাতে মহাসড়কের মোড়ে মোড়ে জড়ো হতে থাকেন সর্বস্তরের মানুষ। নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকা থেকে সোনারগাঁয়ের মেঘনা ঘাট পর্যন্ত দীর্ঘ পথজুড়ে রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জনতা প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। গাড়িবহর নারায়ণগঞ্জ অতিক্রম করার সময় সমবেত জনতা নানা স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন। মহাসড়কের বেশ কয়েকটি স্থানে প্রধানমন্ত্রীর গাড়িতে ফুল ছিটিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
ফেনীতে একগুচ্ছ উন্নয়ন ও সেবা কার্যক্রম
দিনব্যাপী সফরের অংশ হিসেবে ফেনী পৌঁছে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও সামাজিক সুরক্ষামূলক কর্মসূচিতে অংশ নেন। দুপুরে পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ কাজের ফলক উন্মোচন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি ফেনীর তিন উপজেলার সরকারি কার্যালয়ের ছাদে স্থাপিত ‘রুফটপ সোলার’ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন। পরে দুপুর দেড়টায় ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে সুবিধাভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করেন। একই অনুষ্ঠান থেকে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের মাঝে সম্মানী ভাতা তুলে দেন তিনি।
দিনব্যাপী রাষ্ট্রীয় এসব কর্মসূচি শেষে বিকেলে সড়কপথেই ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রাতে তাঁর রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।