উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দ্য নিউ ইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত জোনাথন ম্যাককিনসি (৪০) গণমাধ্যমটির ‘গেমস প্লেয়ার এক্সপেরিয়েন্স’ বিভাগের প্রকৌশল শাখার পরিচালক পদে কর্মরত ছিলেন। এ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তাঁর শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় সময় গত শনিবার বিকেলে সানফ্রান্সিসকো শহর থেকে প্রায় ৫৬ কিলোমিটার পূর্বে ডাবলিনের একটি পার্কিং এলাকায় জোনাথনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার বিস্তারিত জানিয়ে পুলিশ ও নিউ ইয়র্ক টাইমস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ম্যাককিনসির সঙ্গে তাঁর স্ত্রী ক্যান্ডিস ঝাংয়ের বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। আগামী সপ্তাহে আদালতে মামলার শুনানির দিন ধার্য ছিল। ওই বিবাদের জের ধরেই স্ত্রী ক্যান্ডিসের বাবা-মা তাঁকে গুলি করে হত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে সন্দেহ করা হচ্ছে।
ঘটনার পর পুলিশ অভিযুক্ত জ্যেষ্ঠ দম্পতিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। নিউ ইয়র্ক টাইমস কর্তৃপক্ষ তাদের এই জ্যেষ্ঠ কর্মকর্তার মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।