উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দক্ষ বিদেশি কর্মীদের জন্য নতুন এইচ-১বি ভিসায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা এক লাখ ডলারের ফি কার্যকরের ওপর আবারও স্থগিতাদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। স্থানীয় সময় বুধবার ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে ডিস্ট্রিক্ট জজ হেইউড গিলিয়াম এ স্থগিতাদেশের রায় দেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, বিচারপতি গিলিয়াম তাঁর রায়ে উল্লেখ করেন—ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা এই অতিরিক্ত ফি কার্যকরের ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি বিধিমালা অনুসরণ করেনি মার্কিন সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) ও মার্কিন পররাষ্ট্র দপ্তর।
শ্রমিক ইউনিয়ন, নিয়োগদাতা প্রতিষ্ঠান ও বিভিন্ন অলাভজনক সংস্থার করা আবেদনের প্রেক্ষিতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ফি আদায় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত জুন মাসে বোস্টনের একটি ফেডারেল আদালত ২০টি অঙ্গরাজ্যের করা মামলায় একই ফি কার্যকরের ওপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছিলেন। পরবর্তীতে জুলাই মাসে বোস্টনের আপিল আদালতও সেই আদেশ বহাল রাখেন।
সাধারণত বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিশেষায়িত খাতে বিদেশি দক্ষ কর্মী নিয়োগের জন্য মার্কিন প্রতিষ্ঠানগুলো এইচ-১বি ভিসার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। পূর্বে যেখানে এই ভিসার জন্য স্থানভেদে ২ হাজার থেকে ৫ হাজার ডলার ফি দিতে হতো, সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প তা বাড়িয়ে এক লাখ ডলারে নিয়ে যান। ট্রাম্প প্রশাসনের দাবি, অনেক প্রতিষ্ঠান কম খরচে বিদেশি শ্রমিক নিয়োগ দিয়ে স্থানীয় মার্কিনদের সুযোগ থেকে বঞ্চিত করছে। তবে আদালতের নতুন এই রায়ের ফলে বিদেশি প্রযুক্তি ও দক্ষ কর্মী নিয়োগে কিছুটা স্বস্তি ফিরল।