উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মতো প্রতিকূলতার পরও গত সাত মাসে প্রায় ৪ লাখ ৩৪ হাজার বাংলাদেশি কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তবে অদক্ষ না পাঠিয়ে কর্মীদের দক্ষ হয়ে বিদেশ যাওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন তিনি।
বৃহস্পতিবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কর্মীদের স্বাচ্ছন্দ্যে লাগেজ পরিবহনের জন্য ট্রলি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী।
প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, "বিদেশগামী কর্মীদের অবশ্যই দক্ষ হয়ে প্রবাসে যেতে হবে। অদক্ষ কর্মী বাড়িয়ে লাখ লাখ মানুষ পাঠালে দেশের প্রকৃত কোনো লাভ হবে না।" তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনগুলোয় বৈদেশিক শ্রমবাজারে আরো ইতিবাচক পরিবর্তন ও ভালো ফলাফল দেখা যাবে।
পরিদর্শনকালে প্রবাসীদের যাতায়াত ও অবস্থান সহজ করতে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পরিকল্পনার কথা জানান মন্ত্রী।বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের তাৎক্ষণিক সেবার জন্য দ্রুত একটি জরুরি চিকিৎসা কেন্দ্র (ইমার্জেন্সি কেয়ার) স্থাপনের নির্দেশ দেন তিনি। ফ্লাইট বিলম্ব বা সময়সূচি বিপর্যয়ের কারণে দূর-দূরান্ত থেকে আসা প্রবাসীরা যাতে ভোগান্তিতে না পড়েন, সেজন্য বিমানবন্দরের পাশেই একটি আধুনিক রেস্টহাউস নির্মাণের পরিকল্পনার কথা জানান।
অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রবাসীদের আইনি সহায়তা জোরদার করার প্রস্তাব দিলে মন্ত্রী তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।