উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আর্থিক খাতের কোনো প্রতিষ্ঠানে দলীয় পরিচয়ে কাউকে নিয়োগ দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নানামুখী চাপ থাকা সত্ত্বেও দলীয় লোক নিয়োগের বিষয়ে সরকার কোনো আপস করবে না। বৃহস্পতিবার রাজধানীর এক অভিজাত হোটেলে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, "আমরা কোনো আর্থিক প্রতিষ্ঠানে কোনো দলীয় লোক দিচ্ছি না, দেব না। আমার ওপর নানা দিক থেকে চাপ থাকা সত্ত্বেও দেব না। এটা বর্তমান সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত।" দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, আন্তর্জাতিক পর্যায়ের বড় বড় প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করতে ব্যাপক আগ্রহ দেখাচ্ছে। এসব বিদেশি বিনিয়োগ আসার মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড ও সুযোগ-সুবিধা আরও সম্প্রসারিত হবে।
অনুষ্ঠানে ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় বিনিয়োগ সংস্থা আইসিবির ৫০ বছরের পথচলা ও দেশের পুঁজিবাজারে এর দীর্ঘকালীন গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে অর্থমন্ত্রী জোর দিয়ে বলেন, দেশের আর্থিক খাতকে আরও শক্তিশালী, স্বচ্ছ ও কার্যকর করতে যা যা করণীয়, তার সব উদ্যোগই নেবে সরকার।