উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। রাজধানীর মিরপুরে একটি স্বাস্থ্য কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় নাম আসার পর এই সিদ্ধান্ত নেওয়া হলো।
এর আগে বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনের ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’ (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তদন্ত চলছে এবং তদন্তে যারই সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাকে ছাড় দেওয়া হবে না। এর পর পরই সংসদ সদস্য মিষ্টিকে পদত্যাগের নির্দেশের খবর সামনে আসে।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুরে রাড্ডা মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্রটিতে কয়েক ঘণ্টা ধরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়ে ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়। পরে সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। অনুসন্ধানে উঠে আসে, বিএনপি সমর্থিত এই সংরক্ষিত নারী সংসদ সদস্যের ঘনিষ্ঠ কয়েকজন স্থানীয় নেতা ওই সমিতির কার্যক্রম নিয়ন্ত্রণ করেন। এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি ২০০৬ সালে স্থানীয় ওয়ার্ড কমিশনার থাকাকালে উক্ত সমিতির সভাপতি ছিলেন, যদিও বর্তমানে তিনি এই সমিতির সঙ্গে যুক্ত নন বলে দাবি করেছেন।